এসটিএস হোল্ডিংসের রোড শো অনুষ্ঠিত


প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য এসটিএস হোল্ডিংস লিমিটেড (অ্যাপোলো হাসপাতাল ঢাকা) এর রোড শো অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল র‌্যাডিসনে এ রোড শো অনুষ্ঠিত হয়। বুক বিল্ডিং পদ্ধতিতে টাকা সংগ্রহের জন্য এ রোড শো’র আয়োজন করে এসটিএস হোল্ডিংস।

অনুষ্ঠানে মার্চেন্ট ব্যাংক, মিউচ্যুয়াল ফান্ড, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, বিমা কোম্পানিসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সামনে কোম্পানির আর্থিক বিবরণীসহ ব্যবসায়িক নানা তথ্য ও ভবিষৎ পরিকল্পনা তুলে ধরেন। আর এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তীতে প্রতিষ্ঠানগুলো কোম্পানিটির শেয়ারের নির্দেশক মূল্য ভিত্তিমূল্য নির্ধারণের দর প্রস্তাব করবে।

এক প্রশ্নের জবাবে ইস্যু ম্যানেজার এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুব এইচ মজুমদার বলেন, ‘৩টি কারণে অ্যাপোলো হাসপাতাল শেয়ারবাজারে আসছে। এরমধ্যে অন্যতম শেয়ারবাজারে আসলে কর সুবিধা পাবে। পুঁজিবাজারে আসলে কোম্পানির প্রাতিষ্ঠানিক সুশাসন বাড়বে। এছাড়াও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন অনুযায়ী, কোনো কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা হলে শেয়ারবাজারে আসা বাধ্যতামূলক আছে। এ হিসেবে অ্যাপোলো হাসপাতালের পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকার বেশি হওয়ায় পুঁজিবাজাররে আসতে হচ্ছে।’

১৫০ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটিতে ২০১৫ সাল শেষে শেয়ারপ্রতি সম্পদ ৪৮ টাকা ৫৭ পয়সা। আর কোম্পানিটি ৩৭ কোটি ৫৯ লাখ টাকা বা শেয়ারপ্রতি ২ টাকা ৪৯ পয়সা আয় করেছে।

অনুষ্ঠানে কোম্পানিটির চেয়ারম্যান ভগওয়ান ডব্লিউ কুনদনমাল, ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মুনির উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট। রেজিস্ট্রার টু দ্য ইস্যু হিসেবে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।