জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী, চলতি সপ্তাহেই ফল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
শ্রেণিকক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা/ছবি সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ করা হতে পারে। এবার দুই ক্যাটাগরি মিলিয়ে ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার জন্য নির্বাচিত করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃত্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এ ফল প্রকাশ করা হবে। চলতি সপ্তাহে এ ফল হতে পারে।

অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন, দুই ক্যাটাগরিতে বৃত্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচিত করা হবে। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এ মেধাক্রম তৈরি করা হয়েছে। একটি হলো ট্যালেন্টপুল, অন্যটি সাধারণ বৃত্তি। বোর্ডভিত্তিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এ মেধাক্রম করা হবে।

এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর ও চলতি বছরের ৬ জানুয়ারি পরীক্ষাগুলো নেওয়া হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেয় ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী।

এএএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।