শিক্ষা প্রতিমন্ত্রী 

দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত পদে থাকছেন ঢাবি ভিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪০ পিএম, ০২ মার্চ ২০২৬
শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ছবি: জাগো নিউজ

পদত্যাগপত্র জমা দিলেও দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত পদে বহাল থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, মন্ত্রণালয়ের দাপ্তরিক সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট একটি তারিখ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

ঢাবি ভিসির পদত্যাগপত্রের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। মন্ত্রণালয় থেকে যে দাপ্তরিক সিদ্ধান্ত এসেছে, তাতে উনি নির্দিষ্ট একটি তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবেন, যতক্ষণ না দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে। সাময়িকভাবে পরবর্তী অবস্থানে যিনি আছেন, তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। এরপর স্থায়ীভাবে নতুন ভিসি নিয়োগে আমরা সঠিক পদ্ধতি অনুসরণ করেই এগিয়ে যাবো।

ভিসি নিয়োগে ‘বৈশ্বিক সেরা চর্চা’ অনুসরণের বিষয়ে প্রধানমন্ত্রী আগ্রহ দেখিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এত বড় ও প্রসিদ্ধ একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের ক্ষেত্রে সেরা প্রক্রিয়া কি, প্রধানমন্ত্রী সেটি জানতে চেয়েছেন। আমরা সেই তথ্য প্রধানমন্ত্রীর ডেস্কে পৌঁছে দিচ্ছি, যাতে ভবিষ্যৎ সিদ্ধান্ত দেশ ও শিক্ষাঙ্গনের জন্য সবচেয়ে ভালো হয়।

সাত কলেজ ইস্যু ‘মীমাংসিত’

বৈঠকে সাত কলেজ প্রসঙ্গ উঠেছে কি না এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, সাত কলেজ মীমাংসিত বিষয়। এতে সবাই সম্মতি দিয়েছেন। শিক্ষাঙ্গন খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে কোনো কিছু হুটহাট আমরা হাত দেবো না।

শিক্ষা খাতে যেকোনো পরিবর্তন দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে আনা হবে উল্লেখ করে তিনি বলেন, যে বিষয়গুলো এরইমধ্যে মীমাংসিত, সেগুলোও যদি দীর্ঘ মেয়াদে আরও ভালো করার প্রয়োজন হয়, আমরা পরিকল্পনা করেই পরিবর্তন আনবো। কিন্তু তাৎক্ষণিক বা হঠকারী সিদ্ধান্তে আমরা যাবো না।

ছয় মাসের কর্মপরিকল্পনা চান প্রধানমন্ত্রী

বৈঠকের প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, আসন্ন মন্ত্রিসভা বৈঠকের আগে বিভিন্ন মন্ত্রণালয়ের আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন, আগামী ছয় মাসে শিক্ষা মন্ত্রণালয় কী করবে, জনগণ কী দৃশ্যমান পরিবর্তন দেখবে। আমরা যেন প্রত্যেক মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ থাকি, সেই নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, সামনে এসএসসি পরীক্ষা রয়েছে এবং তাৎক্ষণিক আরও কিছু ইস্যু আছে, যেগুলো প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করা হয়েছে। প্রধানমন্ত্রী সামগ্রিক শিক্ষাঙ্গন নিয়ে তার যে লক্ষ্য, তার আলোকে আমাদের নির্দেশনা দিয়েছেন। সেগুলো আগামী ক্যাবিনেট মিটিংয়ে উপস্থাপন করা হবে।

 পঞ্চম শ্রেণির পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হয়নি

 পঞ্চম শ্রেণির পরীক্ষা পুনর্বহাল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। এ নিয়ে আলোচনা করাটাও এখন অপ্রাসঙ্গিক।

 এমএএস/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।