সোমবার থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটি
পবিত্র রমজানে দেশের সব বাংলা মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। তবে খোলা রয়েছে বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুল। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি পোহাতে হচ্ছ।
তাদের বিষয়টি বিবেচনা করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার (৯ মার্চ) থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটি ঘোষণার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে এ সময়ের মধ্যে সব ধরনের কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
ঈদের ছুটি ৭ দিন, যোগ হলো ১৮ মার্চও
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজানে ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে জনভোগান্তি নিরসন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সোমবার (৯ মার্চ) হতে সরকার ঘোষিত ঈদের ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সঙ্গে মন্ত্রণালয়ের নির্দেশনায় দুটি বিশেষ বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রথমত, শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়সমূহের আবশ্যিক পরীক্ষা তাদের নির্ধারিত পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী যথাযথভাবে পরিচালিত হবে। দ্বিতীয়ত, একই সঙ্গে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের সব কার্যক্রম বন্ধ রাখা হবে।
এএএইচ/ইএ