ইআবির অনার্স পরীক্ষার ফল প্রকাশ, পাস ৮৩ শতাংশ
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অনার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৮২ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী।
রোববার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম উপাচার্যের কাছে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.result.iau.edu.bd) এ ফল পাওয়া যাবে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, চার বর্ষে মোট ১৯ হাজার ৩৬ জন শিক্ষার্থী নিবন্ধন করেন এবং ১২ হাজার ৩৯০ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১০ হাজার ২৭২ জন পাস করেছেন। ফেল করেছেন ৩৩০ জন। এছাড়া ৬ জন বহিষ্কৃত হয়েছেন। পরীক্ষায় সার্বিক পাসের হার ৮২ দশমিক ৯৮ শতাংশ।
বর্ষভিত্তিক ফলাফলে দেখা যায়, প্রথম বর্ষে ৩ হাজার ৯৫৫ জনের মধ্যে ৩ হাজার ২২০ জন উত্তীর্ণ হয়েছেন। যেখানে পাসের হার ৮১.৪২ শতাংশ। দ্বিতীয় বর্ষে ৩ হাজার ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬৫১ জন উত্তীর্ণ হয়েছেন, পাসের হার ৮৫.০২ শতাংশ।
তৃতীয় বর্ষে ৩ হাজার ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হয়েছেন, পাসের হার ৮২.৯৩ শতাংশ এবং চতুর্থ বর্ষে ২ হাজার ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮৭০ জন উত্তীর্ণ হয়েছেন, পাসের হার ৮২.৫৬ শতাংশ।
ফলাফল ঘোষণাকালে উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ও ভালো ফলাফলের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আধুনিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ প্রমুখ।
জানা যায়, ইআবির অধীনে অনার্স-২০২৪ লিখিত পরীক্ষা শুরু হয় গত ৬ ডিসেম্বর, যা চলে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১১ জানুয়ারি মৌখিক পরীক্ষা শেষ হয়।
এএএইচ/এমআরএম