রাঙামাটি মেডিকেলের শিক্ষা কার্যক্রম শুরু


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২৮ মার্চ ২০১৫

অবশেষে শুরু হলো রাঙামাটি মেডিকেল কলেজের ক্লাসসহ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। উদ্বোধনের ৭৬ দিন পর শনিবার সকাল ১০টায় আলোচিত এ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) এমবিবিএস কোর্সের ক্লাস শুরু হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের পাশের অস্থায়ী একটি ভবনে এ কার্যক্রম শুরু হয়। ভর্তি হওয়া ৫১ শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনের ক্লাসে ৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এ পর্যন্ত মেডিকেল কলেজে অধ্যক্ষসহ তিনজন শিক্ষক যোগদান করেছেন।

সকালে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরুর উপলক্ষে পরিচিতি অনুষ্ঠানে বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান, জেলা সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ ও কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নুয়েন খীসা।

রাঙামাটিতে মেডিকেল কলেজের বিরোধীতাকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে কোনো কর্মসূচি না দিলেও কলেজের আশপাশে পুলিশ ও বিজিবি কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান বলেন, শনিবার থেকে মেডিকেল কলেজের ক্লাসসহ একাডেমিক কার্যক্রম শুরু করেছি। সবকিছুই সুন্দরভাবে শুরু হয়েছে। আশা করছি, আর কোনো সমস্যা হবে না।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, মেডিকেল কলেজে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন অনুসারে নিরাপত্তা বাড়ানো হবে।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি টেলি কনফারেন্সের মাধ্যেমে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ আদিবাসী কয়েকটি সংগঠন পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া এবং পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতি না হওয়া পর্যন্ত রাঙামাটিতে মেডিকেল কলেজ স্থাপনসহ যাবতীয় কার্যক্রম স্থগিতের দাবি জানিয়ে বিরোধিতা করে আসছে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।