বাংলাদেশে শাখা ক্যাম্পাস খুলতে চায় ইউনিভার্সিটি অব ক্যানবেরা
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা বাংলাদেশে একটি শাখা ক্যাম্পাস খোলার আগ্রহ প্রকাশ করেছে। এই ক্যাম্পাসটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয়টির আট সদস্যের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (৫ মে) এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটির পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাসান উজ জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাছান, ইউনিভার্সিটি অব ক্যানবেরার প্রফেসর দ্য অনারেবল বিল শর্টেন, ভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর মাইকেল লিংকন, ডেপুটি ভাইস-চ্যান্সেলর ও ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) ড. ফিওনা রিচার্ডস, চিফ গ্লোবাল এনগেজমেন্ট অফিসারসহ সংশ্লিষ্টরা।
এছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
ইউজিসির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।
এছাড়া অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন।
সভায় প্রতিনিধিদল বাংলাদেশে উচ্চশিক্ষার উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ইউনিভার্সিটি অব ক্যানবেরার একটি শাখা ক্যাম্পাস স্থাপনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করে। তারা বলেন, প্রস্তাবিত এ উদ্যোগ সফল হলে দেশের শিক্ষার্থীরা নিজ দেশেই বিশ্বমানের উচ্চশিক্ষা গ্রহণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্ব দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগ উচ্চশিক্ষা ও গবেষণার গুণগতমান বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে বাংলাদেশের সংযোগ আরও জোরদার করবে।
এএএইচ/এসএইচএস