শুরু হলো একাদশে ভর্তির লড়াই


প্রকাশিত: ০৩:৫২ এএম, ০৬ জুন ২০১৫
ফাইল ছবি

একাদশ শ্রেণীতে ভর্তির লড়াই  আজ শনিবার থেকে শুরু হয়েছে। এবারও একাদশ শ্রেণীতে কোনো ভর্তি পরীক্ষা থাকছে না। মাধ্যমিকের ফলের ভিত্তিতেই ভর্তি হতে হবে ছাত্রছাত্রীদের।

একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আজ থেকে ১৮ জুন পর্যন্ত টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ১৫০ টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন করা যাবে। সর্বোচ্চ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে পারবে শিক্ষার্থীরা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনে খরচ পড়বে ১২০ টাকা। যারা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছে তাদের জন্য ২১ জুন পর্যন্ত ভর্তির সুযোগ থাকবে। ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন। বিলম্ব ফি ছাড়া ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। আর বিলম্ব ফি দিয়ে ২৬ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। ব্যবহারিক ক্লাস শুরু হবে ১ আগস্ট।

নীতিমালায় বলা হয়েছে, কোনো কলেজ চাইলে তাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে। প্রত্যন্ত অনগ্রসর অঞ্চলের সহশিক্ষার কলেজে ছাত্রীদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। আর কারিগরি শিক্ষায় ডিপ্লোমা কোর্সে ভর্তিতে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা এবং জিপিএর ভিত্তিতে বাকি ৫০ নম্বরের আলোকে মেধাক্রম নির্ধারণ করতে হবে।

উল্লেখ্য, একাদশে ক্লাস শুরু হবে ১ জুলাই। মাধ্যমিকের ফল প্রকাশের পর গত সোমবার একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত নীতিমালা অনুযায়ী এ কার্যক্রম চলবে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।