কলেজে ভর্তি আতঙ্কে রাজশাহীর শিক্ষার্থীরা


প্রকাশিত: ০৪:০৮ এএম, ০৬ জুন ২০১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীদের অনেকেই নগরীর ৫টি সরকারি কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে। আর নগরীর সরকারি কলেজগুলোতে ভর্তি না হতে পারলে মানসম্পন্ন লেখাপড়ার পরিবেশ পাবে না বলে মনে করছে অনেক শিক্ষার্থী। তাই রেজাল্ট ভালো করলেও সরকারি কলেজে লেখাপড়ার সুযোগ পাওয়া নিয়ে শিক্ষার্থীদের মনে শঙ্কা বিরাজ করছে।  

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার থেকে আগামী ১৮ জুন পর্যন্ত একাদশ শ্রেণির ভর্তি ফরম পূরণ ও জমা দেয়া শুরু হচ্ছে অনলাইন পদ্ধতিতে। বিলম্ব ফিসহ ভর্তির শেষ তারিখ আগামী ২৬ জুন। আর কলেজগুলোতে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে ১ জুলাই থেকে। প্রতি বছর বিভাগের ৫/৬টি জেলা থেকে শিক্ষা নগরী খ্যাত শহরে সরকারি কলেজের ফরম তুলতে শিক্ষার্থীরা ভিড় করে। তাই শিক্ষার্থীদের হয়রানির কথা বিবেচনা করে আনলাইন পদ্ধতি চালু করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি।

অনুসন্ধানে জানা গেছে, এ বছর মোট পাঁচটি সরকারি কলেজে একাদশ শ্রেণিতে আসন সংখ্যা রয়েছে ৪ হাজার ৬৫০টি। এর মধ্যে রাজশাহী কলেজের ৬০০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৩০০টি, ব্যবসায়ী শিক্ষা শাখায় ১৫০টি ও মানবিক শাখায় ১৫০টি আসন রয়েছে। রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ১২০০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৬০০টি, ব্যবসায়ী শিক্ষা শাখায় ৩০০টি ও মানবিক শাখায় ৩০০টি আসন রয়েছে।

সরকারি সিটি কলেজের ১২০০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৬০০টি, ব্যবসায়ী শিক্ষা শাখায় ৩০০টি ও মানবিক শাখায় ৩০০টি আসন রয়েছে ও সরকারি মহিলা কলেজের ১ হাজার ২০০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৪৫০টি, ব্যবসায় শিক্ষা শাখায় ৩০০টি ও মানবিক শাখায় ৪৫০টি আসন রয়েছে।

এদিকে, রাজশাহী শিক্ষাবোর্ড থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী। সুতরাং মোট ৪ হাজার ৬৫০ আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবে ১৫ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী। ফলে একটি আসনের জন্য গড়ে ৩ জন করে শিক্ষার্থী লড়াই করবে।

তাই এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল জিপিএ ৫ অর্জনকারীদের মধ্যে অনেকেই এবার নিজেদের পছন্দের কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে। আর জিপিএ-৫ এর নিচে জিপিএ অর্জনকারী বহু শিক্ষার্থীকে বাধ্য হয়ে ভর্তি হতে হবে বেসরকারি কলেজগুলোতে। তবে এবার শিক্ষার্থীদের লেখাপড়ার কথা বিবেচনা করে সরকারি কলেজিয়েট স্কুল নতুনভাবে কলেজ শাখা খুলছে।

বিষয়গুলো নিয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক আনোয়ারুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে জানান, শনিবার  থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির জন্য রাজশাহী শিক্ষাবোর্ডের অনলাইন ওয়েব সাইট খুলে দেয়া হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১২ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে এ ফরম পুরণ করতে পারবে। শিক্ষার্থীরা তাদের পছন্দের পাঁচটি কলেজের জন্য আবেদন করতে পারবে মাত্র ১৫০ টাকায়। আর এসএমএস এর মাধ্যমে পছন্দের প্রতিটি কলেজে ভর্তির জন্য ১২০ টাকা হারে ফি দিতে হবে।

ইতোমধ্যে ভর্তির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট কলেজগুলো। তবে ফলাফল পুননিরীক্ষণের জন্য সময় বাড়ানো হয়েছে। আবেদনকৃত যে সকল শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হবে, তাদের জন্য আবেদনের শেষ তারিখ ১৮ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ২২ জুন শিক্ষাবোর্ড কর্তৃক ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং ৩০ জুন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর আগে এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডের পাসের হার ৯৪.৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৮৭৩ জন। তাই পাসের হারে এবার দেশসেরা হয়েছে রাজশাহী বোর্ড।

শাহরিয়ার অনতু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।