শিক্ষা বিষয়ক পোর্টাল এডুটিউবের যাত্রা শুরু


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৯ মার্চ ২০১৬

দেশের প্রথম শিক্ষা বিষয়ক কনটেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম এডুটিউবের যাত্রা শুরু হয়েছে। এখন থেকে www.edutubebd.com ঠিকানায় শিক্ষা বিষয়ক তথ্য পাওয়া যাবে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার ধনী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যকার সুযোগ সুবিধার ব্যবধান হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, স্কুলে স্কুলে মাল্টিমিডিয়া ক্লাশরুম, শিক্ষক বাতায়ন প্রভৃতির মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষার্থীরাও দেশের সেরা শিক্ষকদের ক্লাশ অনুসরণ করার সুযোগ পাচ্ছে।

ওয়েব সাইটটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান এম এ মুবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর জামিলুর রেজা চৌধুরী এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক নীলুফার আহমেদ।

শিক্ষামন্ত্রী তার বক্তৃতায় বলেন, বিশ্বায়নের এ যুগে প্রযুক্তিকে এড়িয়ে চলার কোনো সুযোগ নেই। শিক্ষাঙ্গনের সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।

তিনি বলেন, কম্পিউটার ছাড়া এখন দেশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পাওয়া যাবে না। দেশে ব্যাপক তথ্যপ্রযুক্তির ব্যবহারকে তিনি ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সফলতা হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে এডুটিউব পোর্টালের উদ্যোক্তারা জানান, সেরা শিক্ষকদের ক্লাশসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় সবধরণের সহায়তা তারা অনলাইনে প্রদান করবেন।

এসএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।