ছোটকাগজ পর্যালোচনা
সূর্যতরু: সাহিত্যের ভূখণ্ডে বর্ধিত চারা
অনন্য কাওছার
ছোটকাগজের সাহিত্য আমার প্রবল আগ্রহের একটি জায়গা। প্রতিষ্ঠিত কবি-সাহিত্যিকেরা ছোটকাগজের মাধ্যমে নিজেদের পরিপক্ব করেছেন এবং বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা, প্রতিনিয়ত ভাঙা-গড়ার মধ্য দিয়ে তাদের সাহিত্যের ভাষারীতি ও গঠনশৈলীকে সমৃদ্ধ করেছিলেন। ছোটকাগজের সাহিত্য যেমন পাঠক তৈরি করে; তেমনই শক্তিমান লেখক তৈরির ক্ষেত্রেও তার ভূমিকা অনস্বীকার্য। অবশ্য এ ক্ষেত্রে মহৎপ্রাণ ও বিচক্ষণ সম্পাদকের দক্ষতা, একনিষ্ঠতা, নিরপেক্ষতা, প্রাজ্ঞতার বিষয়টি ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে।
সাহিত্যের প্রতিটি শাখার উর্বরতা ও সমৃদ্ধির জন্য ছোটকাগজ অতীতে যে ঐতিহাসিক নজির রেখেছে, তা নিঃসন্দেহে চিরস্মরণীয়। সাহিত্যের ভুবনে বৈপ্লবিক পরিবর্তনের প্রধান মাধ্যম ছোটকাগজের সাহিত্য। এটি যেমন ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির প্রামাণ্য চিত্র হিসেবে কাজ করে এসেছে; তেমনই সমাজ ও সংস্কৃতির বিকাশে সমান্তরালভাবে ভূমিকা রেখেছে। ভিন্ন ভিন্ন ভাবনার প্রতিফলন ঘটিয়ে পাঠকের অন্তর্লোকে আলোকবর্তিকা জ্বালিয়ে দিয়েছে।
সুষ্ঠু, স্বাধীন ও মুক্তচিন্তা চর্চার প্রধান হাতিয়ার হয়ে উঠেছিল ছোটকাগজ। আজকাল অবশ্য ছোটকাগজের সাহিত্য বিরলপ্রজ। সম্মিলিতভাবে লেখক গোষ্ঠীর চর্চার জায়গাটা হারিয়ে যাচ্ছে। এ সময়টাতে যে কয়েকজন সচেতন সাহিত্যানুরাগী, প্রাজ্ঞ সাহিত্য সম্পাদক ছোটকাগজ নিয়ে কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম মজনু মুহিবুর রাহমান। তিনি ‘সূর্যতরু’ ছোটকাগজের বিচক্ষণ সম্পাদক।
সূর্যতরু দ্বিতীয় সংখ্যা আমার হাতে এসে পৌঁছেছে। সংখ্যাটি বেশ উপভোগ করলাম। এ সংখ্যায় ১২ জন নবীন ও প্রবীণ কবির কবিতা ভাবনা ও গুচ্ছ কবিতা স্থান পেয়েছে। এ ছাড়া সংখ্যাটিতে আছে তিনটি প্রবন্ধ ও দুটি গল্প। সূচিপত্রের ১২ জন নবীন ও প্রবীণ কবির সঙ্গে আমার নামটিও প্রবল আনন্দের অনুভূতি তৈরি করেছে।
সূর্যতরু এরই মধ্যে দেশে-বিদেশে আলোচিত ও পাঠকের অন্তর্লোকে জায়গা করে নিয়েছে স্বমহিমায়। কবিতা নির্বাচনে নিরপেক্ষ ও প্রবল দক্ষতার পরিচয় দিয়েছেন প্রাজ্ঞ সম্পাদক মজনু মুহিবুর রাহমান। তিনি সূর্যতরু ছোটকাগজের সমৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এটি আমাকে বেশ অভিভূত করেছে। দৃষ্টিনন্দন প্রচ্ছদ নির্মাণ করেছেন আল নোমান।
সূর্যতরু দ্বিতীয় সংখ্যা একডজন কবির গুচ্ছ কবিতার অনবদ্য দলিল। একজন কবির সাহিত্য দর্শন, কবিতার গঠনশৈলী এবং কবিতাভাবনা বুঝে ওঠার জন্য সংখ্যাটি বিশেষ সুযোগ। সংখ্যাটিতে কবিতা লিখেছেন কবি তৈমুর খান, মঈনুস সুলতান, নুসরাত সুলতানা, চুনি অপরাজিতা, মেকদাদ মেঘ, রুদ্র সাহাদাৎ, ইফতার রবিন, মমতাজ মম, রোদ্দুর রিফাত, সোলেমান রাসেল, সাফওয়ান আমিন এবং অনন্য কাওছার। প্রবন্ধ লিখেছেন কবি ও প্রাবন্ধিক তৈমুর খান, মুহাম্মদ ইকবাল, শওকত এয়াকুব। গল্পের তালিকায় আছেন গল্পকার মো. ফখরুজ্জামান চৌধুরী ও ইলিয়াস বাবর।
সূর্যতরু ছোটকাগজের সমৃদ্ধি ও ধারাবাহিকতা বজায় থাকুক। পাঠকের অন্তর্লোকে ছোটকাগজের সাহিত্য তুমুল চর্চিত হউক। এই কাগজ সম্পর্কে সম্পাদক মজনু মুহিবুর রাহমান বলেছেন, ‘লিটল ম্যাগাজিন মূলত সাহিত্যের এক স্বাধীন ভূখণ্ড, যেখানে নতুন কণ্ঠের জন্ম হয়, ভিন্ন ভাবনার সাহস জন্ম নেয়। সূর্যতরু সেই ভূখণ্ডে একটি চারা মাত্র।’
ছোটকাগজ: সূর্যতরু (দ্বিতীয় সংখ্যা)
সম্পাদক: মজনু মুহিবুর রাহমান
প্রকাশকাল: মার্চ ২০২৬
প্রচ্ছদ: আল নোমান
মূল্য: ১০০ টাকা।
এসইউ