৬ষ্ঠ দিনে বইমেলায় উপচেপড়া ভিড়
অমর একুশে বইমেলার ৬ষ্ঠ দিন বিকাল থেকে দর্শনার্থীদের বেশ উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিকুল পরিবেশের মধ্যেও বিভিন্ন বয়সী পাঠক-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। প্রিয় লেখকদের উপস্থিতিতে কোথাও কোথাও জমতে দেখা গেছে খণ্ড খণ্ড জটলা। যদিও সকালের দিকে তেমন ভিড় দেখা যায়নি। এদিকে নতুন বইয়ের মোড়ক উন্মোচনে নজরুল মঞ্চ ছিলো উচ্ছাসে পরিপূর্ণ।
বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে জানা যায়, মেলার ৬ষ্ঠ দিনে মেলায় এসেছে ২৯০টি নতুন বই। মোড়ক উন্মোচন করা হয়েছে ২০টিরও অধিক বইয়ের।
মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রকাশনীর মধ্যে অপেক্ষাকৃত ঐতিহ্যপূর্ণ ও আড়ম্বরপূর্ণ স্টলগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। এছাড়া বাংলা একাডেমি চত্বরের স্টলগুলোতে যথেষ্ট ভিড় থাকলেও সোহরাওয়ার্দী উদ্যানের স্টলগুলো ছিল কিছুটা ফাঁকা। তবে বেলা বাড়ার সাথে সাথে প্রায় প্রত্যেকটি স্টল দর্শনার্থীদের ভিড় দেখা যায়।
প্রকাশক ও বিক্রেতারা জানান, মেলায় দর্শনার্থীদের ভিড় দিন দিন বাড়ছে। সেই সাথে বিক্রিও হচ্ছে বেশ। বিশেষ করে তরুণদের বই বিক্রি হচ্ছে ভাল। দর্শনার্থীরা জানান, তারা মেলায় ঘুরতে এসেছেন। তবে প্রিয় লেখকের বই কেনার আয়োজন তো আছেই। শুক্রবার মেলায় এসেছে ২৯০টি গ্রন্থ। এগুলোর মধ্যে উপন্যাসের সংখ্যাই বেশি।
এএইচ/পিআর