ভাইরাল হলো অভিষেক বচ্চনের যে বক্তব্য

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৩ অক্টোবর ২০২৫
‘আই ওয়ান্ট টু টক’ ছবির দৃশ্যে অভিষেক বচ্চন

ফিল্মফেয়ারে এবার সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন। পুরস্কার হাতে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমন এক স্পর্শকাতর ও আবেগঘন বক্তব্য দিয়েছেন তিনি যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে।

চলচ্চিত্র জগতে ২৫ বছর পূর্তি উদযাপন করছেন তিনি। আর এই দীর্ঘ যাত্রার সফলতা তাকে এক বিশেষ মুহূর্তে দাঁড় করিয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। প্রথমবারের মতো এই স্বীকৃতি অর্জন করেছেন তিনি। যার ফলে তার আবেগ যেন একটু বেশিই।

বক্তব্যে অভিষেক বলেন, ‘চলচ্চিত্র জগতে এই বছরটা আমার ২৫ বছর পূর্তি। বিশ্বাস করুন, এই পুরস্কারের জন্য কতবার মনে মনে স্পিচ প্র‍্যাক্টিস করেছিলাম, তার হিসেব নেই। আজ আমি সত্যিই আপ্লুত। আমার পরিবারের সবার সামনে এই সম্মান পাওয়াটা মুহূর্তটাকে আরও স্মরণীয় করে তুলল। অনেক মানুষের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করার আছে’

তিনি আরও জানান, এই দীর্ঘ যাত্রায় যে সকল পরিচালক, প্রযোজক ও সহকর্মীরা তার প্রতি বিশ্বাস রেখেছেন, তাদের কাছে তার বিশেষ ধন্যবাদ। ‘নতুন এবং ইয়াং যারা আছেন, দেখুন, এখানে পৌঁছুতে পঁচিশটি বছর লেগে গেছে। হাল ছাড়বেন না। নিজের লক্ষ্য ধরে কাজ করুন’, যোগ করেন তিনি।

ভাইরাল বক্তব্যে তিনি বাবা অমিতাভ বচ্চন, মা জয়া বচ্চনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আবেগ জড়ানো কণ্ঠে বলেন, ‘মা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার উপর বিশ্বাস রেখেছো। আজ আমার বাবার জন্মদিন। আমি চিন্তায় ছিলাম উনাকে কী উপহার দিব। ধন্যবাদ ফিল্মফেয়ার, তাঁকে দেয়ার মত পুরষ্কার আমার হাতে তুলে দেয়ার জন্য।’

এছাড়া তিনি মেয়ে ঐশ্বরিয়া এবং আরাধ্যার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তোমরা আমাকে আমার স্বপ্নগুলো অনুসরণ করার স্বাধীনতা দিয়েছ। আশা করি এই পুরস্কার জেতার মাধ্যমে দেখবে, আমি এখানে দাঁড়াতে পেরেছি তোমাদের ত্যাগের কারণে।’

অভিষেক শেষ করেছেন এই পুরস্কারটি দুই বিশেষ মানুষকে উৎসর্গ করে। একজন তার বাবা, আর একজন তার মেয়ে। তার আবেগময় ভাষণ দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকে এটি প্রেরণা হিসেবে দেখছেন। বিশেষ করে অল্পতেই যারা সাফল্য না পেয়ে হতাশ হয়ে পড়েন তাদের জন্য ২৫ বছরের প্রচেষ্টার পর অভিষেকর সাফল্য ও তার অনুভূতি প্রকাশ যেন একটা দারুণ শিক্ষা।

এ বছর অভিষেক বচ্চন বহুল আলোচিত সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। তার সঙ্গে পুরস্কারটি যৌথভাবে জিতেছেন কার্তিক আরিয়ানও।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।