পণ্ডিত কেন ঘুষ খাবে, সেই প্রশ্নের মুখে নিষিদ্ধ হতে পারে সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
মনোজ বাজপেয়ী

মনোজ বাজপেয়ীর নতুন সিনেমার নাম ‘ঘুষখোর পণ্ডিত’। এই নামকে ঘিরেই বিতর্ক দিন দিন আরও তীব্র হচ্ছে। এবার সেই বিতর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে। একই সঙ্গে সিনেমাটির মুক্তি নিয়ে নতুন করে সংশয়ে পড়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ব্যক্তিগতভাবে রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, সিনেমাটির পরিচালক, প্রযোজক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করতে। এই নির্দেশনার ফলে সিনেমাটি ঘিরে আইনি জটিলতা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘ঘুষখোর পণ্ডিত’ শিরোনামের টিজার প্রকাশের পর থেকেই দেশজুড়ে শুরু হয় তীব্র প্রতিবাদ। পণ্ডিত কেন ঘুষ খাবে, সেই প্রশ্ন তুলছেন অনেকে। তাদের দাবি এই নাম দিয়ে সমাজের পন্ডিত ও ধর্মগুরুদের অপমান করার চেষ্টা চলছে।

বিভিন্ন সংগঠন ও ব্যক্তির দাবি, সিনেমাটির নামটি জাতিভিত্তিক ও অবমাননাকর। তাদের অভিযোগ, এই শিরোনাম সমাজে বিভাজনমূলক মানসিকতাকে উসকে দিচ্ছে।

রাজস্থানের জয়পুরে সর্ব ব্রাহ্মণ মহাসভা সিনেমাটির নামের বিরুদ্ধে কড়া আপত্তি জানিয়ে বলেছে, বিষয়টি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি গভীর সামাজিক ও জাতিগত ইস্যু। সংগঠনটির মতে, এমন নাম সমাজে নেতিবাচক বার্তা দেয়।

আরও পড়ুন
অরিজিতের সঙ্গে সাক্ষাতের পরই বিতর্কে জড়ালেন আমির
শহিদ কাপুর ও রাশমিকা এবার প্রেমও করবেন, কমেডিও হবে

মধ্যপ্রদেশের ভোপালেও ব্রাহ্মণ সম্প্রদায়ের সদস্যরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। তারা সিনেমাটির টিজার সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এবং দাবি না মানা হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে বিষয়টি আদালতেও পৌঁছেছে। দিল্লি হাইকোর্টে সিনেমাটির নাম চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

চলমান এই বিতর্কের মধ্যেই নেটফ্লিক্স সিনেমাটির টিজার ও প্রচারমূলক সামগ্রী সরিয়ে নিয়েছে বলে জানা গেছে। এর আগে সিনেমাটির নাম পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। তবে সর্বশেষ খবরে জানা যাচ্ছে, নেটফ্লিক্স তাদের তালিকা থেকে পুরো সিনেমাটিই বাদ দেওয়ার কথা ভাবছে।

সব মিলিয়ে মনোজ বাজপেয়ীর এই সিনেমা এখন বহুমুখী চাপ ও আইনি জটিলতার মুখে। শেষ পর্যন্ত ‘ঘুষখোর পণ্ডিত’ আদৌ দর্শকের সামনে আসবে কি না, তা নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।