শাকিবের পর সিয়ামকে নিয়ে বাজি ধরলেন শ্রীলঙ্কার আজিম হারুন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৬ মার্চ ২০২৬
শাকিব খান, আজিম হারুন ও সিয়াম আহমেদ

বাংলাদেশি চলচ্চিত্রে বিদেশি বিনিয়োগ এখনো খুব একটা নিয়মিত দেখা যায় না। তবে সাম্প্রতিক সময়ে বড় বাজেটের দুটি ছবির সঙ্গে যুক্ত হয়ে আলোচনায় এসেছেন শ্রীলঙ্কার প্রযোজক আজিম হারুন। এর আগে তিনি যৌথভাবে বিনিয়োগ করেছিলেন বড় বাজেটের ‘বরবাদ’ সিনেমায়।

তিনি এবার ঈদে ‘রাক্ষস’ ছবির প্রযোজনা করেছেন। রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে এই দুটি ছবিরই পরিচালক মেহেদী হাসান হৃদয়।

একজন বিদেশি হিসেবে কেন তিনি বাংলাদেশি ছবি প্রযোজনায় যুক্ত হলেন? এমন প্রশ্নের জবাবে আজিম হারুন জানান, মূলত সিনেমার প্রতি ভালোবাসা থেকেই এই শিল্পে তার সম্পৃক্ততা। বাংলাদেশের চলচ্চিত্রে তিনি বড় সম্ভাবনা দেখেছেন।

তার মতে, এ দেশে অনেক প্রতিভাবান নির্মাতা ও শিল্পী আছেন। সঠিক দৃষ্টি, পরিকল্পনা এবং নতুন ধরনের সিনেমা নির্মাণের উদ্যোগ থাকলে এই শিল্প আরও এক ধাপ এগিয়ে যেতে পারে। দর্শকদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সংযোগ তৈরি করাও জরুরি বলে মনে করেন তিনি।


আজিম হারুন

এ দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে তিনি বেশ আশাবাদী। আজিম জানান, সামনে আরও ভালো এবং গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণ করতে চান। শুধু অ্যাকশনধর্মী ছবি নয়, বিভিন্ন ঘরানার সিনেমা তৈরির পরিকল্পনা রয়েছে তার। একই সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যও রয়েছে।

আজিম হারুন মনে করেন, তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র যেভাবে বিভিন্ন দেশে ডাবিং হয়ে নতুন নতুন বাজার তৈরি করেছে, বাংলাদেশি চলচ্চিত্রও সেভাবে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছাতে পারে। এজন্য প্রয়োজন মানসম্মত কনটেন্ট তৈরি করা। তার ভাষায়, দর্শকদের জন্য ভালো মানের সিনেমা তৈরি করতে পারলেই তারা সেটিকে গ্রহণ করবে এবং ভালোবাসবে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।