সবচেয়ে বেশি ১০০ কোটির সিনেমা উপহার দিয়েছেন যে বলিউড তারকারা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৮ এপ্রিল ২০২৬
অক্ষয় কুমার, সালমান খান, অজয় দেবগন, শাহরুখ খান। ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের বক্স অফিসে এখন সবচেয়ে আলোচিত মানদণ্ডগুলোর একটি হলো ‘১০০ কোটির ক্লাব’। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত গজনি সিনেমার মাধ্যমে এই ক্লাবের যাত্রা শুরু হয়। আমির খান অভিনীত সিনেমাটি প্রথমবারের মতো ভারতীয় বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়ে।

এরপর থেকে একের পর এক ব্লকবাস্টার সিনেমা এই ক্লাবে জায়গা করে নেয়। সম্প্রতি মাত্র ১০ দিনের মধ্যেই ‘ভূত বাংলো’ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে আলোচনায় এসেছে। এতে আবারও শীর্ষে উঠে এসেছেন অক্ষয় কুমার।

শীর্ষে অক্ষয় কুমার: অক্ষয় কুমার এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১০০ কোটির সিনেমার অংশ হয়েছেন। তার ঝুলিতে রয়েছে ২০টিরও বেশি এমন ছবি। ‘হাউজফুল ২’, ‘রাউডি রাঠোর’, ‘এয়ারলিফট’, ‘রুস্তম’, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘মিশন মঙ্গল’, ‘সূর্যবংশী’, ‘ওএমজি ২’, ‘হাউজফুল ৪’সহ একাধিক সফল সিনেমা এই তালিকায় রয়েছে।

দ্বিতীয় সালমান খান: সালমান খান রয়েছেন দ্বিতীয় স্থানে। তার ক্যারিয়ারে ১৮টি ১০০ কোটির সিনেমা রয়েছে। ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘কিক’, ‘ভারত’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘রেস ৩’সহ একাধিক সুপারহিট ছবি তাকে এই অবস্থানে রেখেছে।

তৃতীয় অজয় দেবগন: অজয় দেবগন তৃতীয় স্থানে আছেন। তার ১৬টি সিনেমা ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’, ‘দৃশ্যম ২’, ‘গোলমাল এগেইন’, ‘সিংঘম রিটার্নস’, ‘রেড’, ‘বোল বচ্চন’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা রয়েছে তার তালিকায়।

চতুর্থ শাহরুখ খান: শাহরুখ খান রয়েছেন চতুর্থ স্থানে। তার ১০টি সিনেমা ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। এর মধ্যে রয়েছে ‘জওয়ান’, ‘পাঠান’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘রইস’, ‘ডন ২’সহ বড় বড় হিট সিনেমা।

আরও পড়ুন:
২০ বছর পর নতুন করে ফিরছে শাহরুখ-রানি ও প্রীতি জিনতার সিনেমা
হিন্দু অভিনেত্রী ইয়ামি গৌতম যে কারণে কোরআন শিখেছেন

পঞ্চম রণবীর সিং: রণবীর সিং রয়েছেন পঞ্চম স্থানে। তার ক্যারিয়ারে ৯টি সিনেমা ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ‘পদ্মাবত’, ‘সিম্বা’, ‘বাজিরাও মস্তানি’, ‘গলি বয়’, ‘৮৩’, ‘রাম-লীলা’সহ জনপ্রিয় সিনেমাগুলো তাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে।

বলিউডের এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, ১০০ কোটির ক্লাব এখন শুধু বাণিজ্যিক সাফল্যের প্রতীক নয়, বরং তারকাদের জনপ্রিয়তা ও বাজারমূল্য নির্ধারণের অন্যতম প্রধান মানদণ্ডে পরিণত হয়েছে।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।