ঈদে হানিফ সংকেতের চমক, কখন কোথায় দেখা যাবে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:২১ এএম, ১৮ মার্চ ২০২৬
ঈদে হানিফ সংকেতের চমক

 

প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরে জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেত দর্শকদের জন্য নিয়ে আসছেন নতুন নাটক। সেই নাটকে সবসময়ের মতো থাকবে পারিবারিক আবহ, খুনসুটি, কৌতুক ও রোমান্সের ছোঁয়া। এবারে তিনি নির্মাণ করেছেন ‘ভালোবাসা অবশেষে’ নামের নাটক।

এই নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে এটিএন বাংলায়।

নাটকের গল্প আবর্তিত হয়েছে রানা ও নীলাকে ঘিরে। ছোটবেলায় একই গ্রামে বেড়ে ওঠা এই দুই চরিত্রের মধ্যে ছিল মিষ্টি খুনসুটি আর বন্ধুত্বের সম্পর্ক। একসময় পড়াশোনার জন্য নীলা বিদেশে চলে গেলে তাদের দূরত্ব তৈরি হয়। দীর্ঘদিন পর দেশে ফিরে গ্রামে এলে আবার দেখা হয় রানার সঙ্গে। সেই পুনর্মিলন থেকেই শুরু হয় নতুন গল্পের মোড়, যেখানে ভালোবাসা, স্মৃতি আর আবেগ মিলেমিশে তৈরি হয়েছে নাটকটির মূল সুর।

রানা চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং নীলা চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু ও নূর এ আলম নয়নসহ অনেকে।


‘ভালোবাসা অবশেষে’ নাটকে জুটি হয়ে আসবেন সাজ্জাদ ও হিমি

নাটকটির সূচনা সংগীত লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। এতে কণ্ঠ দিয়েছেন রাজীব। সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। ফাগুন অডিও ভিশনের নিজস্ব লোকেশনে সম্পন্ন হয়েছে নাটকটির শুটিং।

এটিএন বাংলা কর্তৃপক্ষ জানায়, প্রতি ঈদেই দর্শক পরিবার নিয়ে হানিফ সংকেতের নাটক উপভোগ করেন। তার নির্মাণে থাকে পারিবারিক আবহ, সহজ গল্প আর হৃদয়ছোঁয়া আবেগ- যা দর্শকদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য। এবারও সেই ধারাবাহিকতায় ‘ভালোবাসা অবশেষে’ নাটকটি দর্শকদের ভালো লাগবে বলেই প্রত্যাশা তাদের।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।