পলাশের সঙ্গে অচেনা নারী, কী ইঙ্গিত দিলেন অমি
জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে নতুন করে আলোচনায় এসেছে জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট। তার দেওয়া একটি পোস্টে দেখা যায়, ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ একজন অচেনা নারীর হাত ধরে আছেন।
স্ট্যাটাসে নির্মাতা লেখেন- ‘কাবিলার লগে হেতি কে!’—সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। তবে ওই নারীর পরিচয় সম্পর্কে কোনো তথ্য না দেওয়ায় মুহূর্তেই কৌতূহল ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
কমেন্ট বক্সে দর্শক-অনুরাগীরা নিজেদের মতো করে নানা অনুমান করছেন। মাহমুদুল হাসান নামের একজন লিখেছেন, ‘রোকেয়া মনে করছিলাম কিন্তু রোকেয়া নাহ।’ মিজানুর রহমান নামের একজন লিখেনছেন, ‘একটা নোয়াখালী, একটা আমেরিকা, একটা ঢাকা, একটা নেপাল। প্রেমিক পুরুষ কাবিলা।”
এদিকে জানা গেছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটির পঞ্চম সিজনের শুটিং বর্তমানে চলছে নেপালে। এবারই প্রথম দেশের বাইরে শুটিং করছে জনপ্রিয় এই সিরিজটি। নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে চলছে নতুন সিজনের দৃশ্যধারণ।
শুটিংয়ে অংশ নিচ্ছেন সিরিজের পরিচিত চরিত্র কাবিলা, নেহাল, পাশা, হাবু ও আরেফিনসহ অন্যান্য অভিনয়শিল্পীরা। এবার নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা। তাকে নিয়েও দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়েছে।
এর আগে নির্মাতা অমি রাজেশ্রী থাপার একটি ছবি শেয়ার করে দর্শকদের কাছে তার চরিত্র অনুমান করতে বলেছিলেন, যা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।
আরও পড়ুন:
নেপথ্যের ‘নায়কদের’ স্মরণ করলেন শাকিব খান
শোককে সঙ্গী করে অপির জন্মদিন
এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন প্রচারিত হচ্ছে চ্যানেল আই, বুম ফিল্ম এবং বঙ্গ প্ল্যাটফর্মে। নতুন চরিত্র, লোকেশন এবং গল্পের মোড়কে সিরিজটি আবারও দর্শকমহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
এমএমএফ/এএসএম