ঈদের সিনেমা দেখে যে নায়িকার প্রশংসা করলেন অপি করিম
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখে প্রশংসায় ভাসালেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সিনেমা ‘প্রেশার কুকার’র গল্প, নির্মাণ ও অভিনয় নিয়ে খোলামেলা মতামত জানিয়েছেন।
অপি করিম জানান, ঈদের ব্যস্ততার মধ্যে তিনি মাত্র একটি সিনেমা দেখার সুযোগ পেয়েছেন। আর সেটি ছিল ‘প্রেশার কুকার’। তার মতে, অযথা নাচ-গান বা মারামারির ওপর নির্ভর না করে শক্তিশালী গল্প দিয়েও দর্শককে আটকে রাখা সম্ভব এই সিনেমা তারই প্রমাণ।
নির্মাতা রায়হান রাফীর কাজ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। অপি করিমের ভাষায়, পরিচালকের আগের কাজগুলোর তুলনায় এই সিনেমাটি একেবারেই ভিন্ন, যেন নতুন এক রূপে হাজির হয়েছেন তিনি।
তবে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী নাজিফা তুষি। অপি করিম মনে করেন, তুষির অভিনয়ে এক ধরনের তীব্রতা রয়েছে, যা গল্পকে আরও গভীরতা দিয়েছে। পাশাপাশি রিজভী রিজু এবং ফজলুর রহমান বাবুর অভিনয়ও দর্শকের মনে দাগ কাটবে বলে মন্তব্য করেন তিনি।
নাজিফা তুষি
শুধু অভিনয় নয়, সিনেমাটির কারিগরি দিক নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন অপি করিম। তার মতে, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা, শব্দ, সেট, পোশাক, মেকআপ ও লোকেশন- সব ক্ষেত্রেই যত্নের ছাপ রয়েছে। যদিও কিছু দৃশ্য সংক্ষিপ্ত করা গেলে এবং কয়েকটি চরিত্র বাদ দিলে গল্প আরও সংহত হতে পারত বলেও মত দেন তিনি।
সব মিলিয়ে গল্পনির্ভর একটি সিনেমা নির্মাণে সাহস দেখানোর জন্য নির্মাতা রাফিকে সাধুবাদ জানিয়েছেন অপি করিম। ভবিষ্যতেও তাঁর কাছ থেকে এমন ব্যতিক্রমধর্মী কাজের প্রত্যাশা করেছেন এই অভিনেত্রী।
এলআইএ