রানী এলিজাবেথের চেয়েও জনপ্রিয় অ্যাঞ্জেলিনা জোলি
মার্কিন অভিনেত্রী এবং নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি নির্বাচিত হয়েছেন বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় নারী হিসেবে। সম্প্রতি এক জরিপে ২৩টি দেশের ২৫ হাজারেরও বেশি মানুষ বলেছেন, রানী এলিজাবেথ, মালালা ইউসুফজাই কিংবা মিশেল ওবামার চেয়েও বেশি শ্রদ্ধেয় খ্যাত এই অভিনেত্রী।
জাতিসংঘের শুভেচ্ছা দূত জোলি গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের যুদ্ধবিদ্ধস্ত অঞ্চলগুলো ঘুরে দেখেছেন এবং দুর্দশাপীড়িত মানুষের জন্য কাজ করছেন। জোলির পরিচালিত দুই সিনেমা `ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’ এবং ‘আনব্রোকেন’ও নির্মীত হয়েছে যুদ্ধের বাস্তবতার প্রেক্ষাপটে।
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল বলছে, তালিকার দ্বিতীয় স্থানে আছেন ১৭ বছর বয়সী পাকিস্তানি মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন মালালা।
তৃতীয় অবস্থানে আছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এবং সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন যথাক্রমে ব্রিটেনের রানি এলিজাবেথ এবং মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
সংগীতশিল্পী সেলিন ডিওন আছেন ষষ্ঠ স্থানে। তার পরেই আছেন মিডিয়া মুঘল এবং অভিনেত্রী ওপরাহ উইনফ্রে। অভিনেত্রী জুলিয়া রবার্টস অবস্থান করছেন অষ্টম স্থানে।
মিয়ানমারে গণতন্ত্রের জন্য লড়াই করা নেত্রী অং সান সু কি অবস্থান করছেন নয় নম্বরে। শীর্ষ দশের শেষ নারী জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।
মার্কিন বিনোদন জগতের আরও তিন বাসিন্দা উঠে এসেছেন শীর্ষ পনেরোতে। গায়িকা টেইলর সুইফ্ট এবং বিয়ন্সে নোলেস আছেন যথাক্রমে ১১ এবং ১২ নম্বরে। অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স অবস্থান করছেন ১৪ নম্বরে। তার ঠিক আগের স্থানটিতেই, অর্থাৎ ১৩তম স্থানে আছেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী।
এআরএস/আরআইপি