মুখ্যমন্ত্রী হলে তামিলনাড়ুর ভাগ্য বদলাতে যা যা করবেন থালাপতি বিজয়
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয় এবার রাজনীতির মাঠে নেমে তামিলনাড়ুর ভবিষ্যৎ বদলের পরিকল্পনা তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী হলে রাজ্যের জনগণের জীবনমান উন্নয়নে একগুচ্ছ সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তার দল তামিলাগা ভেট্টি কাজাগামের (টিভিকে) নির্বাচনি ইশতেহার ঘিরে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বাঁশি মার্কায় নির্বাচন করে সাফল্যের বন্যা বইয়ে দিয়েছেন বিজয়। তিনি জানিয়েছেন, ক্ষমতায় গেলে তামিলনাড়ুরর ভাগ্য বদলাতে বেশকিছু কাজ তিনি করবেন। এর মধ্যে নারীদের আর্থিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানসহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হবে।
প্রস্তাবিত পরিকল্পনার মধ্যে রয়েছে ৬০ বছরের কম বয়সী নারীদের মাসিক ২ হাজার ৫০০ রুপি ভাতা, বছরে পরিবারপ্রতি ছয়টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া, দরিদ্র মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা এবং উপহার হিসেবে সোনা ও শাড়ি।
শিক্ষা খাতে তিনি আধুনিক আবাসিক স্কুল, ২০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত শিক্ষাঋণ এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের কথা বলেন। স্বাস্থ্যখাতে প্রতিটি পরিবারের জন্য ২৫ লাখ রুপি পর্যন্ত বিমা সুবিধার প্রতিশ্রুতিও রয়েছে।
বেকার যুবকদের জন্য মাসিক ভাতা, নতুন পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের ঋণ মওকুফ এবং মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারও করেন বিজয়।
রাজনীতিতে নবাগত হলেও তার এই ঘোষণা নিয়ে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। আগামী ৪ মে নির্বাচনের ফলাফলেই জানা যাবে তার স্বপ্ন বাস্তবে কতটা প্রতিফলিত হয়।
এলআইএ