কলকাতার কণ্ঠে জয়া (ছবি ও ভিডিও)
অভিনয় প্রতিভা দিয়ে দেশের গন্ডি পার হয়েছেন তাও অনেক দিন। এবার ওপার বাংলার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। `কণ্ঠ` শিরোনামের ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন শিবপ্রধান চট্টোপাধ্যায় ও নন্দিতা রায়।
সম্প্রতি কলকাতায় `রাজকাহিনী` শীর্ষক ছবিতে কাজ করতে গিয়ে `কণ্ঠ`তে চুক্তিবদ্ধ হয়েছেন জয়া।
এ প্রসঙ্গে তিনি বলেন, `শিবুদার কাজ আমার ভীষণ পছন্দের। তাই এ ছবিতে চুক্তিবদ্ধ হতে পেরে আমি দারুণ খুশি।` তিনি আরো বলেন, `ছবির গল্পটা ১৫ বছর আগের লেখা। নানা জটিলতার কারণে এতদিন এর কাজ আটকে ছিল। তবে এবার খুব শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।`
ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে জয়াকে অডিশন দিতে হয়েছে। অভিশনের সময় জয়া জয় গোস্বামীর `মালতীবালা বালিকা বিদ্যালয়` কবিতা পড়ে শুনিয়েছেন। জয়ার ভরাট কণ্ঠ শুনেই নাকি পরিচালকদ্বয় তাকে নির্বাচিত করেন।
উল্লেখ্য, জয়া দুই বছর আগে কলকাতায় অরিন্দম শীলের `আবর্ত` ছবিতে অভিনয় করেন। তারই ধারাবাহিকতায় সৃজিত মুখোপাধ্যায়ের `রাজকাহিনী` ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। এ ছবিটি চলতি বছরই মুক্তি পাবে বলে জানা গেছে।
এইচএন/আরআইপি