মিলির প্রতীক্ষা
অভিনয়ের কাজ শেষ। এবার প্রচারের অপেক্ষায় নতুন চারটি ধারাবাহিক নাটক। আর সেই অপেক্ষারই প্রহর গুনছেন `মনপুরা`খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি।
প্রচারের অপেক্ষায় থাকা নাটকগুলো হলো অরণ্য আনোয়ারের ‘দহন’, আলভী আহমেদের ‘শূন্য থেকে শুরু’, মাজহারুল ইসলামের ‘একজন মায়াবতী’ ও বাশার জর্জিসের ‘উজান গাঙ্গের নাইয়্যা-সিরিজ টু’। প্রতিটি ধারাবাহিক নাটকেই মিলিকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
এসব নাটকের মধ্যে এবারই প্রথম ফারহানা মিলি হুমায়ূন আহমেদের লেখা কোন নাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘একজন মায়াবতী’। এ নাটকে তার বিপরীতে আছেন নাট্যাভিনেতা ও নাট্যনির্দেশক মাহফুজ আহমেদ।
এদিকে, ডিসেম্বর মাসে ফারহানা মিলি ব্যস্ত ছিলেন বিবিসি প্রযোজিত ধারাবাহিক নাটক বাশার জর্জিস পরিচালিত ‘উজান গাঙ্গের নাইয়্যা সিরিজ টু’র কাজ নিয়ে। এ নাটকে ফারহানা মিলিকে এমন একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যাতে এর আগে কখনও তাকে দেখা যায়নি।
এছাড়া, আলভী আহমেদের ‘শূন্য থেকে শুরু’ এবং অরণ্য আনোয়ারের ‘দহন’ ধারাবাহিকে মিলিকে নতুনরূপে দেখবেন দর্শক।
ফারহানা মিলি বলেন, `আমার প্রতিটি কাজেই আমি নতুনত্ব আনার চেষ্টা করি। প্রয়োজনে কাহিনীকার, পরিচালকের সঙ্গে আলোচনা করি। কাজটি ভাল হওয়া চাই- এমন লক্ষ্যই থাকে সব সময়। আমার নতুন চারটি ধারাবাহিক নাটক নিয়ে আমি খুব আশাবাদী। নাটকগুলো প্রচারের অপেক্ষায় আছি।`
উল্লেখ্য, আসছে স্বাধীনতা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে তাজু কামরুল পরিচালিত মুক্তিযুদ্ধের বিশেষ নাটক ‘অনন্তের পাখিরা’। এতে ফারহানা মিলি তারামন বিবি চরিত্রে অভিনয় করেছেন।
এইচএন/এমএস