অনিশ্চয়তায় মিমের `মনবাকসো`
আটকে আছে বিদ্যা সিনহা মিমের `মনবাকসো` ছবির কাজ। কবে নাগাদ এর শুটিং শুরু হতে পারে কিংবা আদৌ হবে কিনা, এ বিষয়েও মিম কিছুই জানেন না। গেল বছরের নভেম্বরে এ ছবির কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুই মাস পেরিয়ে গেলও এর শুটিং শুরু হওয়ার কোনো প্রক্রিয়া লক্ষ করা যাচ্ছে না।
এ প্রসঙ্গে মিম বলেন, `মনবাকসো` ছবির শুটিংয়ের জন্য আমি মাসখানেক সিডিউল ফাঁকা রেখেছিলাম। এ ছবিটি নিয়ে আশাবাদও ছিল অন্য রকম। কিন্তু তা তো আর হবে বলে মনে হচ্ছে না। এখনো ছবিটির শুটিংই শুরু করতে পারিনি। এদিকে আমি নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আগামী কয়েকমাস পর্যন্ত আমার সিডিউলও পাওয়া যাবে না।
`মনবাকসো` ছবির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি ছবি পরিচালনার কথা ছিল কলকাতার প্রখ্যাত গায়ক ও নির্মাতা অঞ্জন দত্তের। ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়েরও কথা ছিল তার। এ ছবির কাজের ব্যাপারে গত বছরের মাঝামাঝি সময়ে কয়েকবার বাংলাদেশেও এসেছিলেন অঞ্জন দত্ত।
সে সময় অঞ্জন দত্ত জানিয়েছিলেন, নভেম্বর থেকে `মনবাকসো`র টানা শুটিং শুরু হবে। ২০১৫ সালের মার্চ মাসে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। ঘোষণা অনুযায়ী ছবি মুক্তির সময় ঘনিয়ে এলেও, এখনো এর শুটিংই শুরু করতে পারেননি তিনি।
অঞ্জন দত্তের `মনবাকসো` ছাড়াও বর্তমানে মিমের হাতে ৭টি ছবি রয়েছে। ছবিগুলোর মধ্যে রয়েছে, ওয়াজেদ আলী সুমনের `সুইটহার্ট`, তন্ময় তানসেনের `পদ্ম পাতার জল, সাফিউদ্দিন সাফির `ড্রিম গার্ল`, তানিয়া আহমেদের `গুডমর্নিং লন্ডন`, মুহাম্মদ মুস্তাফা কামাল রাজের `কানামাছি`, রিপন মিয়ার `তুমি সন্ধ্যার মেঘমালা` ও দেবাশীষ বিশ্বাসের `হিরোগিরি`।
এর মধ্যে `কানামাছি` ও `তুমি সন্ধ্যার মেঘমালা`র শুটিং দীর্ঘদিন আটকে রয়েছে। বর্তমানে মিম ওয়াজেদ আলী সুমনের `সুইটহার্ট` ও তন্ময় তানসেনের `পদ্ম পাতার জল` ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।
এইচএন/এমএস