বেনজির-সুচিত্রার চরিত্রে বিদ্যা
শুরু থেকেই আলোচিত সব চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে ঠাঁই করে নিয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এবার কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেন ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি তিনি এ দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সুচিত্রা-বেনজিরের ব্যক্তিজীবনের নানা ঘটনা প্রবাহ নিয়ে ছবি দুটি নির্মিত হবে।
মিডডের খবরে জানা গেছে, বিদ্যা এখন ছবিগুলোর চিত্রনাট্য পড়ছেন। তবে ছবি দুটির নাম এখনো চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে বিদ্যা আগামী জুন-জুলাইতে ছবি দুটির শুটিং শুরু করবেন।
এ প্রসঙ্গে ৩৭ বছর বয়সী বিদ্যা বালান বলেন, `অনেকেই ভেবেছিলেন আমার ক্যারিয়ারে ভাটা পড়েছে। তবে এখনো আমি ফুরিয়ে যাইনি। সুচিত্রা ও বেনজিরের জীবনীনির্ভর ছবি দুটিতে অভিনয় করে তাদের ধারণা আমি ভুল প্রমাণ করতে চাই।`
সূত্রটি আরো জানিয়েছে, দীর্ঘ এক বছর পর সম্প্রতি ফের ক্যামেরাবন্দি হয়েছেন বিদ্যা। বর্তমানে `হামারি আধুরি কাহানি` শিরোনামে একটি ছবির শুটিং করছেন তিনি। ছবিটি প্রযোজনা করছেন মহেশ ভাট। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ইমরান হাশমি। এতে বিদ্যা বালানকে সাধারণ ভারতীয় নারীর ভূমিকায় দেখা যাবে।
সর্বশেষ ২০১৪ সালে `সাদি কি সাইড ইফেক্ট` ছবিতে বিদ্যাকে দেখা গেছে।
এইচএন/এমএস