ভালোবাসা দিবসে বিপাশার চমক
এবার বিশ্ব ভালোবাসা গাজীপুরের `নক্ষত্র বাড়ি` শুটিং হাউসে ভক্তদের মুখোমুখি হতে যাচ্ছেন নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত। সেখানে কৌতূহলী দর্শকদের নানা প্রশ্নের জবাব দেবেন তিনি। এছাড়া এ দিনটিতে বিপাশা বিশেষ আয়োজনের ব্যবস্থাও রেখেছেন। তাই সারাদিন দর্শনার্থীদের জন্য `নক্ষত্র বাড়ি`র দ্বার উন্মুক্ত থাকবে। শুধু তাই নয়, সন্ধ্যার পরে ভক্তদের জন্য ক্যান্ডেল লাইট শো এবং মুভি প্রদর্শনী করা হবে। বিশেষ এই আয়োজনে বিপাশার সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যও উপস্থিত থাকবেন।
এ প্রসঙ্গে বিপাশা বলেন, `আমার দর্শকদের ভালোবাসায় আমি আজকের অবস্থানে এসেছি। ভক্তরা আমাকে ভালোবাসে বলেই আমি এখনো কাজ করে যাচ্ছি। অনেক সময় শুটিং কিংবা ব্যক্তিগত প্রয়োজনে বাইরে বের হলে বুঝতে পারি ভক্তরা আমাকে কতটা ভালোবাসেন। সেই সময় তারা অনেকেই আমার সঙ্গে কথা বলতে চান। কিন্তু ব্যস্ততার কারণে আমি তাদের এই ভালোবাসার মূল্যায়ন সব সময় করতে পারি না। এ কারণে এ বছর আমার ভক্তদের শুভাকাঙ্ক্ষিদের জন্য বিশ্ব ভালোবাসা দিবসে এই আয়োজন করেছি। এ সময় আমি তাদের সঙ্গে সম্পূর্ণ পারিবারিক আবহে কথা বলব। তাদের নিয়ে আমাদের নক্ষত্র বাড়ির বিভিন্ন স্থানে বসে জমিয়ে আড্ডা দেব।`
বিপাশার এই বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনে সার্বিক সহায়তা করবেন তার স্বামী অভিনেতা-নির্মাতা তৌকির আহমেদ।
এইচএন/আরআইপি