বাংলাদেশের নাটকে কলকাতার রনিতা
বাংলাদেশের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় সিরিয়াল `ইষ্টিকুটুম` তারকা রনিতা দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত `হৈমন্তী` নাটকে তাকে দেখা যাবে।
হৈমন্তী পরিচালনা করেছেন ডায়েল রহমান। এতে রনিতাকে নাম ভূমিকায় দেখা যাবে।
বর্তমানে কলকাতার ভারতলক্ষ্মী পিকচার্স সেটে এর দৃশ্যায়ন চলছে। রনিতা ছাড়াও এ নাটকে দুই বাংলার একাধিক শিল্পী অভিনয় করছেন। এতে রনিতার বিপরীতে বাংলাদেশের নিলয়কে দেখা যাবে। তার চরিত্রটির নাম অপু। চরিত্রের প্রয়োজনে নিলয়কে হিন্দু রীতিতে বর সাজতে হয়েছে।
`হৈমন্তী` ধারাবাহিকে রনিতা দাস ও নিলয়ের পাশাপাশি আরো অভিনয় করেছেন শিরিন আলম, ঝুনা চৌধুরী, কলকাতার পরান চট্টোপাধ্যায়, তরুণ প্রমুখ। কলকাতায় নাটকটির শুটিং শেষে পরবর্তী অংশের কাজ ঢাকায় করা হবে বলে জানিয়েছে নির্মাতাসংশ্লিষ্ট একটি সূত্র।
পাশাপাশি শিগগিরই বাংলাদেশের একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলেও জানা যায়। নিতা দাস ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার দর্শকপ্রিয় সিরিয়াল `ইষ্টিকুটুম`-এর প্রধান চরিত্র বাহা মনির ভূমিকায় অভিনয় করেছেন।
এএ