চলচ্চিত্রে ফিরছেন ময়ূরী (ভিডিও)
সর্বশেষ চলচ্চিত্র বাংলার ভাই মুক্তি পাওয়ার পর কেটে গেছে দীর্ঘ সময়। তারপর কোথাও কোনো মাধ্যমেই তাকে আর অভিনয়ে দেখা যায়নি। ঢাকাই চলচ্চিত্রের একসময়ের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা ময়ূরী আবারো ফিরছেন রুপালী পর্দায়। তবে এবার তিনি কাজ করবেন পর্দার পিছনে।
এফডিসি সূত্রে জানা গেছে, দীর্ঘ এ বিরতি কাটিয়ে সিনেমা নির্মাণের মাধ্যমে ফের চলচ্চিত্রে হাজির হচ্ছেন ময়ূরী। এই সিনেমাটি হবে বলিউডের হুবহু ডার্টি পিকচারের মতো। এর মাধ্যমে সমাজের খারাপ মানুষগুলোর মুখোশ তুলে ধরবেন তিনি।
প্রসঙ্গত, নব্বই দশক থেকে এ পর্যন্ত ময়ূরী অভিনীত তিনশত সিনেমা মুক্তি পেয়েছে। অশ্লীল দৃশ্যে অভিনয়ের জন্য মুক্তি প্রাপ্ত সিনেমাগুলোতে তিনি যতটা প্রশংসিত হয়েছেন তার চেয়ে বেশি ছিলেন সমালোচিত। একপর্যায়ে চলচ্চিত্র থেকে অশ্লীলতা বিদায় নিলে বেকার হয়ে পড়েন এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির সময় সার্কাসের কাজ করেছেন। এখন দেশে ও দেশের বাইরে স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন।
তার অভিনীত প্রথম চলচ্চিত্র মৃত্যুর মুখে এবং সর্বশেষ মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র বাংলার ভাই। সোহানুর রহমান সোহান, কাজী হায়াৎ, গাজী মাজহারুল আনোয়ার, মনতাজুর রহমান আকবর, এনায়েত করিম, রাজু চৌধুরী, মনোয়ার খোকনসহ অসংখ্য পরিচালকের সঙ্গে কাজ করেছেন ময়ূরী।
নার্গিস আক্তার পরিচালিত ‘চার সতীনের ঘর’ ছবিতে শক্তিমান চলচ্চিত্রাভিনেতা আলমগীরের স্ত্রী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ময়ূরী।
এলএ/আরআই