বৈশাখে হাবিবের চমক


প্রকাশিত: ০৯:০৫ এএম, ০১ এপ্রিল ২০১৫

সদ্য মুক্তি পেয়েছে সোহেল আরমানের ছবি ‘এইতো প্রেম’। ছবিটি মুক্তির পর থেকে নতুন করে আলোচনায় আসলেন হালের মিউজিক কিং হাবিব ওয়াহিদ। এই ছবিতে হাবিব কাজ করছিলেন ‘আমি তোমার মনের ভিরত একবার ঘুরে আসতে চাই’ গানটিতে।

গানটির সুর-সঙ্গীতের পাশাপাশি ন্যান্সির সাথে কণ্ঠও দিয়েছিলেন তিনি। নতুন করে আলোচনায় এলেও এই গানের বয়স পাঁচ বছরেরও বেশি।

বর্তমানে চলচ্চিত্র, নাটক ও জিঙ্গেলের কাজ নিয়মিত করছেন হাবিব। তবে দীর্ঘদিন ধরেই অডিওতে নেই তিনি। প্রিয় গানের মানুষের একক গানের অপেক্ষার প্রহর বুঝি ফুরাতে চললো। আসেছে পহেলা বৈশাখে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। সঙ্গীতার ব্যানারে বহুদিন পর প্রকাশ হতে যাচ্ছে এ তারকার একটি সিঙ্গেল গান।

হাবিবের বাবা জনপ্রিয় পপ গায়ক ফেরদৌস ওয়াহিদ জাগোনিউজকে বলেন, ‘সংগীতার ব্যানারে পহেলা বৈশাখ উপলক্ষে হাবিবের একটি সিঙ্গেল প্রকাশ পেতে যাচ্ছে। এরই মধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে। শুধু অডিও নয়, ভিডিও আকারেও গানটি প্রকাশ পাচ্ছে।’

এ বিষয়ে ফেরদৌস ওয়াহিদ আরো বলেন, ‘অনেক দিন হয় হাবিবের গান বাজারে নেই। ভক্তরা নিশ্চয় মন খারাপ করছেন। সেই ভেবেই হাবিব এই পরিকল্পনা নিয়েছে।’

তবে গানটিকে বৈশাখের বড় চমক হিসেবে এর ব্যাপারে বিস্তারিত বলতে চাননি তিনি।

তিনি জানালেন, আপাতত গানটি সঙ্গীতার সৌজন্যে ডিজিটাললি প্রকাশ পাবে। বিভিন্ন টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান ও রেডিও এফএমগুলোতে শুনতে পাওয়া যাবে এ গান। পরে অ্যালবাম প্রকাশের সময় সেটি যোগ করা হবে।

প্রসঙ্গত, নতুন গান তৈরির পাশাপাশি হাবিব এখন ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়ে। সর্বশেষ কুমিল্লা ক্যান্টনমেন্টে একটি শো করেছেন তিনি।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।