আমিরের মেয়ে হতে ব্যর্থ ২১ হাজার মেয়ে!
আমির খান মানেই নিখুঁত কিছু। আমির খান মানেই শতভাগ চেষ্টা। নতুন ছবি ‘দঙ্গল’-এ অভিনয়ের জন্য নিজের চেহারা-ফিগার সবই বদলে দিচ্ছেন আমির খান। মধ্যবয়সী পালোয়ানের চরিত্রে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে ওজন বাড়িয়ে মৃত্যুর হুমকিতে পড়েছেন এই নায়ক।
বালাইষাট! মিস্টার পারফেকশনিস্ট নাম তো আর এমনি এমনি নয়। কিন্তু ২১ হাজার মেয়ের মধ্য থেকেও নিজের মেয়েকে খুঁজে নিতে পারবেন না আমির-এ কেমন কথা!
অবাক হওয়ার কিছু নেই। ঘটনা সত্যি। নতুন ছবি নিয়ে মহা ব্যস্ত বলিউডের বহু প্রশংসিত ব্যতিক্রমী নায়ক। আরও শোনা যাচ্ছে, দেশজুড়ে হাজার হাজার সুন্দরীর হদিশ করে বেড়াচ্ছেন তিনি। আমিরের দরবারে এর মধ্যে হাজিরা দিয়েছেন মোট ২১,০০০ কন্যা। যারা সবাই ব্যার্থ হয়েছেন দঙ্গল ছবিতে আমিরের মেয়ের ভূমিকায় অভিনয় করার যোগ্যতার প্রমাণ দিতে।
দঙ্গল ছবিতে আমির এক মধ্যবয়সী পালোয়ানের চরিত্রে অভিনয় করছেন। সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবিতে আমির চার মেয়ের বাবাও বটে। সেই মেয়েদের খুঁজতেই এই মেয়ে তালাশির কান্ড।
জানা গিয়েছে, চারটি আনকোরা নতুন মুখকে এই ছবিতে দেখা যাবে। শর্ত, এদের কেউ এর আগে রুপালি পর্দা অথবা টেলিভিশনে মুখ দেখাননি। অভিনয়ের তালিম না থাকলে নাকি আরও ভালো। এমন মেয়েদেরই খোঁজে রয়েছেন আমির।
এ ব্যাপারে বিশেষভাবে চিন্তিত আমির খান স্বয়ং। তিনি নিজে এবং ইউনিটের অন্যান্য সদস্য নিয়ে তৈরি দল ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি রাজ্যে চার কন্যার তালাশে পাড়ি দিয়েছেন। এই রাজ্যগুলি হল হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থান। এ ছাড়াও দেশের নানা প্রান্তে আমিরের মেয়েদের খোঁজে উপস্থিত হচ্ছেন নির্বাচকরা। কিন্তু ২১,০০০ কন্যা অডিশন দিলেও কাউকে নিজের মেয়ে হিসেবে পছন্দ হয়নি সুপারস্টারের।
অতএব এখনও চলেছে অন্তহীন অনুসন্ধান। কোন চার ভাগ্যবতীর কপালে শিকে ছিঁড়বে সেটাই দেখার বিষয়!
এলএ/আরআইপি