কান উৎসবে থাকছেন যেসব বলিউড তারকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:২২ পিএম, ০৮ মে ২০২৬
এখন পর্যন্ত অনেকবার ঐশ্বরিয়া রাই কান উৎসবের লাল গালিচায় হেঁটেছেন। ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ১২ থেকে ২৩ মে ফ্রান্সে অনুষ্ঠিত হবে এবারের আসর। বরাবরের মতো এবারও কান উৎসবে অংশ নিতে যাচ্ছেন বলিউডের একাধিক তারকা ও নির্মাতা।

এবারের উৎসবে সবচেয়ে বেশি নজর থাকবে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও আলিয়া ভাটের দিকে। কয়েক বছর ধরেই নিয়মিত কান উৎসবে অংশ নিচ্ছেন ঐশ্বরিয়া। আর গত বছর প্রথমবার অংশ নিয়ে প্রশংসা কুড়ান আলিয়া। ফলে এবারও তাদের রেড কার্পেট উপস্থিতি ও ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

নিজের অংশগ্রহণ নিয়ে আলিয়া বলেন, ‘দ্বিতীয়বার কান উৎসবে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। গত বছরের অভিজ্ঞতা ছিল অসাধারণ। এবার আরও বড় পরিসরে উদযাপনের অপেক্ষায় আছি।’

গত বছর ঐশ্বরিয়া রাইয়ের পোশাকের পাশাপাশি তার সিঁথির সিঁদুরও ব্যাপক আলোচনায় আসে। একইভাবে অভিনেত্রী অদিতি রাও হায়দারি-ও সিঁদুর পরে রেড কার্পেটে উপস্থিত হয়ে নজর কাড়েন। এবারও তাকে কান উৎসবে দেখা যেতে পারে বলে জানা গেছে।

এবারের কান উৎসবে প্রথমবার রেড কার্পেটে হাঁটবেন অভিনেত্রী তারা সুতারিয়া। এছাড়া উপস্থিত থাকবেন মৌনী রায় ও জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে গতবার আলোচনায় থাকা জাহ্নবী কাপুর এবার অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত হয়নি।

অভিনেত্রীদের পাশাপাশি এবারের আসরে অংশ নেবেন নির্মাতা করণ জোহর। সম্প্রতি তাকে মেট গালাতেও দেখা গেছে।

এছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অব ইন্ডিয়ার (ইফি) সদ্য নিয়োগ পাওয়া পরিচালক আশুতোষ গোয়ারিকর-ও থাকবেন কান উৎসবে।

এবারের আয়োজনে প্রথমবারের মতো পাঞ্জাবি সিনেমার প্রতিনিধিত্বও দেখা যাবে। অভিনেতা অ্যামি ভির্ক ও অভিনেত্রী রুপি গিল তাদের সিনেমা ‘চারদিকলা’র স্ক্রিনিংয়ে অংশ নেবেন।

আরও পড়ুন:
পাঁচ বছর পর একই অনুষ্ঠানে সামান্থা-নাগা, তবুও কথা হয়নি 
শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, থমকে গেল প্রভাসের ‘ফৌজি’ 

এছাড়া মারাঠি সিনেমার বর্ষীয়ান অভিনেতা অশোক শরাফ-ও উপস্থিত থাকবেন উৎসবে। জানা গেছে, মহারাষ্ট্রের শিল্পীরা ঐতিহ্যবাহী মারাঠি পোশাকে হাজির হবেন কান মঞ্চে। গুজরাটি সিনেমার প্রতিনিধিত্ব করবেন মানসী পারেখ। পাশাপাশি মালয়ালম চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিরাও অংশ নেবেন এবারের আয়োজনে।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।