জমকালো আয়োজনে পর্দা উঠছে কান উৎসবের
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাকর কান চলচ্চিত্র উৎসব। প্রতিবারের ন্যায় এবারেও শিল্পের দেশ ফ্রান্সে বসছে এই আসর। বুধবার রাতেই জমকালো আয়োজনে পর্দা উঠছে ১২ দিনব্যাপি বিশ্বের নামীদামি তারকাদের অংশগ্রহণে মুখরিত হতে যাওয়া ৬৮তম কান উৎসবের।
এবারের আয়োজনটি শুরু হবে ইমেনুয়েল বারকট পরিচালিত ‘স্ট্যান্ডিং হল’ ছবিটি প্রদর্শনের মধ্যে দিয়ে।
জানা গেছে, প্রথম দিন একটি ছবিই প্রদর্শিত হবে। এই প্রতিযোগিতার প্রেসিডেন্ট জোয়েল ও এথান কুয়েন ঘোষণা করবেন এবারের কান উৎসবটি। আর হোস্টিং করবেন অভিনেতা ল্যামবার্ট উইলসন।
উৎসবে প্রদর্শিত হবে মোট ৮৭টি ছবি। এর মধ্যে প্রতিযোগিতা বিভাগে ১৯টি, আনসারটেইন রিগার্ড বিভাগে ২০টি, আউট অব কম্পিটিশন বিভাগে ৬টি, মিডনাইট বিভাগে ৩টি, সিনেফাউন্ডেশন বিভাগে ১৮টি, শর্ট ফিল্ম বিভাগে ৯টি, স্পেশাল স্ক্রিনিং বিভাগে ৭টি এবং ক্লাসিক্যাল বিভাগে ৫টি ছবি প্রদর্শিত হবে।
কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে মার্কিন নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক জোয়েল ও এথান কোয়েনের নেতৃত্বে বিচারক হিসেবে স্বর্ণ পাম জয়ী ছবি নির্বাচনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ৯ জন। এরা হালেন ফরাসি অভিনেত্রী সোফি মার্সো, ব্রিটিশ অভিনেত্রী সিয়েনা মিলার, স্প্যানিশ অভিনেত্রী রসি ডি পালমা, মার্কিন অভিনেতা জ্যাক গিলেনহাল, মেক্সিকান নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক গুইলারমো দেল তোরো, কানাডিয়ান নির্মাতা, চিত্রনাট্যকার, প্রযোজক ও অভিনেতা হাভিয়ার দোলান এবং মালির সুরকার, গায়ক ও গীতিকার রকিয়া ট্রাওর।
উল্লেখ করার মতো বিষয় হলো গত কয়েকবারের মতো এবারও কান উৎসবে থাকছে বলিউডের আধিপত্য। ভারতীয় একটি বুথও থাকছে কান উৎসবে। বলিউড তারকাদের মধ্যে এবার কানের লাল গালিচায় হাঁটবেন ঐশ্বর্য রাই বচ্চন, সোনম কাপুর, কাটরিনা কাইফ, রণবীর কাপুর প্রমুখ। রণবীর অভিনীত নতুন ছবি ‘বোম্বে বেলভেট’ এখানে প্রদর্শিত হবে।
পাশাপাশি এবারের কানে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই ফর অ্যান আই’। খিজির হায়াত পরিচালিত এ ছবিটি শর্টফিল্ম কর্নারে প্রদর্শিত হবে বলে জানিয়েছেন পরিচালক। বাংলাদেশ থেকে এরই মধ্যে কান উৎসবে যোগ দিতে গেছেন পরিচালক স্বপন আহমেদ।
সেইসাথে প্রথমবারের মতো এই উৎসবে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি সাংবাদিক জনি হক। তিনিও পৌঁছেছেন ফ্রান্সের প্যারিসে।
এলএ