বিজয়-তৃষাকে ঘিরে নতুন গুঞ্জন, মুখ খুললেন সুচিত্রা
তামিল তারকা থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর থেকেই অভিনেত্রী তৃষা কৃষ্ণণকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। শপথ অনুষ্ঠানে তার উপস্থিতি ও আবেগঘন মুহূর্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
রোববার (১০ মে) অনুষ্ঠিত ওই শপথগ্রহণ অনুষ্ঠানে বিজয়ের পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও সবচেয়ে বেশি নজর কাড়েন তৃষা। বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যায়, শপথবাক্য পাঠের সময় দর্শকাসনে বসে আবেগে আপ্লুত হয়ে তাকিয়ে আছেন তিনি। একইসঙ্গে বিজয়ের পরিবারের সদস্যদের সঙ্গে তার কুশল বিনিময়ের দৃশ্যও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
এই ঘটনাকে কেন্দ্র করেই এবার বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণী গায়িকা সুচিত্রা। এক সাক্ষাৎকারে তিনি তৃষাকে নিয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে তাকে ‘পরজীবী’ বলে কটাক্ষ করেন। সুচিত্রার দাবি, সফল ও একাকী মানুষের জীবনে অনেক সময় সুযোগসন্ধানীরা প্রবেশ করে, আর সেই দৃষ্টিকোণ থেকেই তিনি বিষয়টিকে দেখছেন।
তিনি আরও মন্তব্য করেন, রাজনীতিতে নতুন যাত্রা শুরু করা বিজয়ের জন্য তার পরিবারের অভিজ্ঞতা ও সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বিজয়ের রাজনৈতিক অগ্রযাত্রায় তৃষার কোনো প্রভাব আছে বলে তিনি মনে করেন না।
এদিকে শপথগ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন তৃষা। সেখানে তিনি লেখেন, ‘দ্য লাভ ইজ অলয়েজ লাউডার’ অর্থাৎ ভালোবাসাই সবসময় সবচেয়ে বেশি জোরে কথা বলে। তার এই পোস্ট ঘিরেও নতুন করে আলোচনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে।
আরও পড়ুন:
খাবারের কষ্ট পেরিয়ে মুখ্যমন্ত্রী বিজয়, সংগ্রামের গল্প শোনালেন বাবা
রণবীরের ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে এখনও অপ্রতিরোধ্য
দীর্ঘদিন ধরেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুরুভি’ সিনেমার পর থেকেই তাদের নিয়ে প্রেমের গুঞ্জন ছড়ায়। যদিও এরপর তারা একসঙ্গে নিয়মিত কাজ করেননি, তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠান ও প্রকাশ্য উপস্থিতিতে তাদের আবারও একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে সম্পর্কের জল্পনা আরও জোরালো হয়েছে।
এমএমএফ