বিউটি সার্কাসের জয়া


প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৩ মে ২০১৫

এপার ওপার মিলিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় মডেল ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী জয়া আহসান। আজকাল কলকাতার ছবিতেই ব্যস্ততা বেশি তার।

তবে এবার নিজের দেশেই নতুন এক ছবিতে অভিনয় করছেন তিনি। মাহামুদ দিদারের পরিচালনায় ছবির নাম ‘বিউটি সার্কাস’। এটি ২০১৪-১৫ অর্থ বছরের জন্য সরকারি অনুদানে নির্মিত হবে। সপ্তাহ খানেকের মধ্যে সরকারী গেজেট আকারে প্রকাশিত হবে অনুদানের তালিকা।

ছবির গল্প প্রসঙ্গে মাহমুদ দিদার বলেন, ‘গল্পটি ম্যাজিক্যাল স্টোরি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন জয়া। এর বেশি কিছু এখন বলতে চাই না।’

জয়া আহসানের বিপরীতে কে অভিনয় করছেন এ প্রসঙ্গে বলেন, ‘এ ছবিটিতে এছাড়া অন্যান্য যারা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে এটুকু বলতে পারি নভেম্বর মাসের মধ্যে ছবিটির শুটিং শুরু হবে।’

এদিকে জয়া অরিন্দম শীলের ‘আবর্ত’ ছবি দিয়ে ওপারের ছবিতে অভিষেক ঘটান। এরপর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী সৃজিত মুখার্জির পরিচালনায় ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেছেন।

মুক্তির অপেক্ষায় আছে ইন্দ্রনীল রায় চৌধুরীর পরিচালনায় ‘একটি বাঙালি ভূতের গপ্পো’। ১৭ই মে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় ছবিটির প্রিমিয়ার হবে ভারতীয় চ্যানেল জি বাংলা সিনেমায়।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।