শিল্পী সংকটের সমাধান নিয়ে অনন্ত
মিশা সওদাগর দেশের তুমুল জনপ্রিয় একজন খল অভিনেতা। বছর জুড়েই তার ব্যস্ততা। প্রায় ৩০-৪০টি ছবিতে প্রতিবছরই তাকে কাজ করতে হয়। এত বেশি ব্যস্ততায় কমে যায় কাজের মান। কিন্তু পরিচালকেরা মিশার বিকল্প না থাকায় ভাবতে পারেন না অন্য কোনো সমাধান।
সেই সমাধানের উপায় বের করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক এম এ জলিল অনন্ত। সম্প্রতি তিনি শুরু করেছেন একটি শিল্পী সন্ধাণের প্রতিযোগীতা। সেখান থেকে উঠে আসবে নায়ক-নায়িকা থেকে শুরু করে খলনায়ক, মা, বাবার চরিত্রাভিনয়শিল্পীসহ অভিনয়ের পুরো প্যাকেজ।
গেল বৃহস্পতিবার, ১৪ মে, সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এই ঘোষণা দেন মনসুন ফিল্মস’র চেয়ারম্যান অনন্ত। উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী বর্ষা ও রবি’র উর্দ্ধতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তানিয়া হােসেন।
অনুষ্ঠানে অনন্ত বলেন, ‘আমার আগামী ছবি ‘দ্য স্পাই-অগ্রযাত্রার মহানায়ক’। এই ছবিটির জন্য বিভিন্ন বয়সের মোট ১১ জন নতুন অভিনয় শিল্পী নির্বাচিত করা হবে। এরা পরবর্তীতে যে কোনো পরিচালকের সাথে কাজ করতে পারবে। তার জন্যই এই ‘ট্যালেন্ট হান্ট’ আয়োজন। আমার বিশ্বাস এই প্রতিযোগীতার মাধ্যমে উঠে আসা শিল্পীরা আমাদের চলচ্চিত্রের শিল্পী সংকটের সমাধান করতে ইতিবাচক ভূমিকা রাখবে।’

ট্যালেন্ট হান্ট নামের আয়োজনে অনন্তকে সহযোগিতা করছে টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান রবি। রবির গ্রাহকরা সেলফােনে এসএমএস-এর মাধ্যমে এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন। আগামী ২০ মে থেকে এই রেজিষ্ট্রেশন শুরু হবে। রেজিষ্ট্রেশনের নিয়ম : START TH < Name >< District লিখে পাঠিয়ে দিতে হবে ২৮৭৭৭০১ নাম্বারে। প্রবাসী বাঙ্গালিরা অনলাইন রেজিষ্ট্রেশন করতে লগ ইন করুন www.thespy.com ওয়েবসাইটে। রেজিষ্ট্রেশন চলবে ২০ মে থেকে আগামী ৫ জুলাই রাত ১২টা পর্যন্ত।
পরবর্তীতে ২৫ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশের প্রতিটি বিভাগীয় শহরে অডিশন নেয়া হবে। এইসব অডিশনে উপস্থিত থাকবেন দেশবরেণ্য অভিনয়শিল্পী, চিত্র নির্মাতা, নৃত্য পরিচালকসহ চলচ্চিত্রের বিভিন্ন মাধ্যমের গুণীজনেরা।
অডিশনের মধ্য থেকে ২৬টি পর্ব নির্মাণ করে তা অনুষ্ঠান আকারে টিভিতে প্রচার করা হবে। ফাইনাল রাউন্ডে নির্বাচন করা হবে বিজয়ী শিল্পীদের।
এলএ