অদ্ভুত পোশাক পরে কান উৎসবে আলোচনায় তারকারা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৪ মে ২০২৬
অদ্ভুত পোশাক পরে কান উৎসবে আলোচনায় তারকারা

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব এবারও জমে উঠেছে তারকাদের উপস্থিতিতে। তবে সিনেমার চেয়ে এবারের আসরে বেশি আলোচনা হচ্ছে কয়েকজন তারকার অদ্ভুত ও বিতর্কিত পোশাক নিয়ে।

এবারের উৎসবে আয়োজকদের পক্ষ থেকে কঠোর পোশাকবিধি জারি করা হয়েছে। স্পষ্টভাবে জানানো হয়, শালীনতার স্বার্থে লালগালিচায় কিংবা উৎসবের কোনো অংশে নগ্নতা প্রদর্শন করা যাবে না। পাশাপাশি অতিরিক্ত বড় ও দীর্ঘ লেজযুক্ত পোশাকও নিরুৎসাহিত করা হয়েছে, যাতে অতিথিদের চলাচলে সমস্যা না হয়।

তবে নিয়মের কড়াকড়ির মধ্যেও অনেক তারকাই ব্যতিক্রমী সাজে হাজির হয়ে আলোচনায় উঠে এসেছেন।

ডেমি মুর বিশাল আকৃতির বেগুনি রঙের গাউন পরে লালগালিচায় উপস্থিত হয়ে নজর কাড়েন। বিচারক হিসেবে অংশ নেওয়া এই অভিনেত্রীর পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

অন্যদিকে ভিন ডিজেল ঝলমলে নকশার বিশেষ জ্যাকেট পরে অনুষ্ঠানে হাজির হন। তার পোশাকও সামাজিক মাধ্যমে বেশ চর্চিত হয়েছে।

জর্ডানা ব্রুস্টার স্বচ্ছ কাপড়ের পোশাকে উপস্থিত হয়ে নতুন পোশাকবিধির সীমা কতটা, তা যেন পরীক্ষাই করছিলেন বলে মন্তব্য করেছেন অনেকে।

লাটভিয়ার মডেল কেট আলেক্সেইভার অদ্ভুত চুলের সাজও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। একইভাবে ব্রিটিশ সমাজসেবী ও টেলিভিশন ব্যক্তিত্ব লেডি ভিক্টোরিয়া হার্ভের ব্যতিক্রমী পোশাক ও ঝলমলে ব্যাগ নিয়েও সমালোচনা চলছে।

এছাড়া ফরাসি-কঙ্গোলিজ গায়িকা থিওডোরা এবং জনসংযোগ উদ্যোক্তা অ্যালেসান্দ্রা দে তোমাসোর পোশাকও দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

সব মিলিয়ে এবারের কান চলচ্চিত্র উৎসবে সিনেমার পাশাপাশি তারকাদের ফ্যাশনই হয়ে উঠেছে অন্যতম বড় আলোচনার বিষয়।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।