কানে ঐশ্বরিয়া ঝলক!
আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে এই উপমহাদেশের তারকাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। গ্ল্যামার আর ফ্যাশনের এই রানীকে কানের লাল গালিচায় দেখতে তাই মুখিয়ে থাকেন দর্শক-ভক্তরা।
গত কয়েকবারের ন্যায় এবারেও তিনি হাজির হয়ে গেছেন কানের আঙিনায়। তবে তার লালগালিচায় হাঁটার কথা ১৭ মে রোববার। কিন্তু একদিন আগেই কানে মিললো অ্যাশের রুপের ঝলক।
উৎসবের অংশ হিসেবে আয়োজিত ভ্যারাইটি ম্যাগাজিনের ‘হিফরশি’ শীর্ষক নারী-পুরুষ সমতা শীর্ষক আলোচনায় ১৬ মে শনিবার একটি সম্মেলনে অংশ নেন তিনি। এখানে পরার জন্য প্রাক্তন এই বিশ্বসুন্দরী বেছে নিয়েছেন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা শাড়ি। ঠোঁট রাঙানো ছিলো গাঢ় লাল লিপস্টিকে।

অনুষ্ঠানে মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েকের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন তিনি। অনুষ্ঠান শেষে ছবি তুলেছেন ঐশ্বরিয়া ও সালমা। আলোচনায় আরও ছিলেন প্রতিযোগিতার বিভাগের ছবি ‘ক্যারল’র প্রযোজক ক্রিস্টিন ভ্যাশন ও এলিজাবেথ কার্লসেন। এখানে সভাপতিত্ব করেন ভ্যারাইটির প্রধান সম্পাদক ক্লডিয়া এলার।
লরিয়াল প্যারিসের পণ্যদূত হিসেবে গত ১৫ মে কানে পৌঁছান ঐশ্বরিয়া। এবার তিনি সঙ্গে নিয়ে এসেছেন কন্যা আরাধ্যকে। এ নিয়ে চতুর্দশবারের মতো লালগালিচায় দেখা যাবে তাকে। ১৭ ও ২০ মে কানের লাল গালিচায় ছন্দ তুলবেন তিনি।
মাঝে ১৯ মে নিজের প্রত্যাবর্তনের ছবি ‘জাজবা’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে অংশ নেবেন বচ্চন বধূ। আর আগামী ২১ মে তিনি থাকবেন এইডস তহবিল সংগ্রহের লক্ষ্যে আমফারের জাঁকালো অনুষ্ঠানে। এখানে তাকে সঙ্গ দেবেন স্বামী অভিষেক বচ্চন।
এলএ