বরেণ্য শিল্পীদের চিত্রপ্রদর্শনী দিয়ে ‘গ্যালারি মাফা’র পথচলা শুরু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১২ মে ২০২৬
বরেণ্য শিল্পীদের চিত্রপ্রদর্শনী দিয়ে ‘গ্যালারি মাফা’র পথচলা শুরু

রাজধানীর লালমাটিয়ায় উদ্বোধন হলো নতুন শিল্পগ্যালারি মাফা। গত ৮ মে শুক্রবার বরেণ্য ও নবীন শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত বিশেষ চিত্রপ্রদর্শনীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গ্যালারিটি।

৯ মে শনিবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী ২২ মে পর্যন্ত দুপুর ১২টা থেকে রাত ৯ টা অবধি চলবে।

‘গ্যালারি মাফা’ বা ‘মোস্তাফিজ একাডেমি অব ফাইন আর্টস’ প্রতিষ্ঠিত হয়েছে শিল্পচর্চা, সৃজনশীলতা এবং শিল্পীদের পারস্পরিক সহযোগিতার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে। আয়োজকদের ভাষ্য, বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠা করাই এই গ্যালারির অন্যতম অঙ্গীকার।

উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নিয়েছেন দেশের ৪৪ জন শিল্পী। প্রবীণ ও নবীন শিল্পীদের পাশাপাশি স্থান পেয়েছে প্রয়াত গুরুত্বপূর্ণ শিল্পীদের শিল্পকর্মও। প্রদর্শনীতে অবয়বধর্মী ও নিরবয়ব শিল্পের সহাবস্থান যেমন রয়েছে, তেমনি রয়েছে বস্তুনিষ্ঠা ও নির্বস্তুকতার মেলবন্ধন।

অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন সফিউদ্দিন আহমেদ, কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, আব্দুস শাকুর, আবদুল মান্নান, আব্দুস সাত্তার, বীরেন সোম, আবুল বারক আলভী, ফরিদা জামান, নাসিম আহমেদ নাদভী, নাইমা হক, মোহাম্মদ ইউনুস, মোস্তাফিজুল হক, জামাল আহমেদ, রেজাউন নবী, আহমেদ শামসুদ্দোহা, রোকেয়া সুলতানা, শিশির ভট্টাচার্য্য, শেখ আফজাল, নিসার হোসেন, মাহফুজুর রহমান, মোঃ মনিরুজ্জামান, গুলশান হোসেন, কনক চাঁপা চাকমা, শামীম সুব্রানা, আহমেদ নাজির, মোহাম্মদ ইকবাল, রুবিনা নারগিস, আজহারুল ইসলাম শেখ চঞ্চল, আনিসুজ্জামান আনিস, দুলাল গাইন, লিয়াকত আলী, মাকসুদা ইকবাল নিপা, অনুপম হুদা, হারুন আর রশিদ টুটুল, কামাল উদ্দিন, আবদুস সাত্তার তৌফিক, শহীদ কাজী, এম. এম. মাইজউদ্দিন, সুমন ওয়াহিদ।

আয়োজকদের মতে, শিল্পীরা যখন একত্রিত হন, তখন ভাবনা, অনুভূতি ও সৃজনশীলতার বিনিময়ে তৈরি হয় এক অনন্য শিল্পভুবন। ‘গ্যালারি মাফা’ সেই উন্মুক্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চায়।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।