জাহিদ হাসানের সাহেব-বাবুর বৈঠকখানা


প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৮ মে ২০১৫

দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার প্রাণবন্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করে রেখেছে প্রায় দুই যুগ ধরে। অভিনয়ের পাশাপাশি তিনি মুন্সিয়ানা দেখিয়েছেন নাটক পরিচালনাতেও।

সম্প্রতি জাহিদ অভিনয় করলেন ‘সাহেব-বাবুর বৈঠকখানা’ নামের একটি ধারাবাহিকের কাজ। শাহ্জাহান সৌরভের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম। নাটকটি এটিএন বাংলায় শুক্রবার রাত ৮টায় প্রচার হবে।

নতুন ধারাবাহিকটিতে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন রোমানা, আজিজুল হাকিম, সুমনা সোমা, আতাউর রহমান, জাহিদ হোসেন শোভন, সিদ্দিকুর রহমান সিদ্দিক, তোফা হাসান, হাসান ফেরদৌস জুয়েল, কাজী উজ্জল, লীনা ফেরদৌসী, তারিক স্বপন, সাব্বির আহমেদ, ওয়াসিম, অবিদ রেহান, স্বর্ণা প্রমুখ।

নির্মাতা জানালেন, নাটকের গল্পে দেখা যাবে ফুলছোটা নামের একটি গ্রাম। হাসি-আনন্দে ভরপুর সেই গ্রামেরই দুই বন্ধু সাহেব আর বাবু। সেই ছোট্টবেলার বন্ধু ওরা। জীবনের প্রয়োজনে আজ দু’জন দুই জগতের মানুষ হলেও, তাদের বন্ধুত্বে কখনও ভাটা পড়েনি।

সাহেব, এলাকার রাজনীতির সঙ্গে জড়িত আর বাবু ডিগ্রী পাশ করার পর বইয়ের ব্যবসা করছে। কলেজে পড়বার সময় বাবু থিয়েটার দেখেছে কিন্তুু গোঁড়া ধার্মিক বাবার ভয়ে কখনও থিয়েটারে ভর্তি হতে পারেনি। তবে, থিয়েটার নিয়ে তার স্বপ্নটা মরে যায়নি বরং দিনে দিনে সেটা চারাগাছ থেকে মহীরুহ হয়েছে।

আর তারই ফসল, ফুলছোটা থিয়েটার- একটি মননশীল শিল্প ও সাহিত্য চর্চা কেন্দ্র। খুব গোপনে গ্রামে এই থিয়েটার শুরু করেছে বাবু। এ ব্যাপারে তাকে সর্বাত্মক সহযোগিতা করেছে সাহেব। থিয়েটারটিকে ঘিরে এক পর্যায়ে দ্বন্দ্ব শুরু হয় দুই বাল্যবন্ধুর। এই দ্বন্দ্বে জড়িয়ে যায় এলাকার প্রবীণ রাজনীতিবিদ বাহার ভাই এবং ঘটনাক্রমে তিনি খুন হন খুব রহস্যজনকভাবে। কাহিনী মোড় নেয় অন্য দিকে। এভাবেই চলতে থাকে নাটকের গল্প। নাটকটি দেখতে চোখ রাখুন এটিএন বাংলায়-শুক্রবার রাত ৮টায়।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।