চ্যানেল আইতে মায়ের কথা


প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৮ মে ২০১৫

নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে বৃহস্পতিবার চ্যানেল আই চত্বরে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘মায়ের কথা’ শিরোনামে এক ভিন্নধর্মী মেলা। মেলার এবারের প্রতিপাদ্য ছিলো ‘প্রতিটি জন্ম হোক পরিকল্পিত, প্রতিটি প্রসব হোক নিশ্চিত’।

সকল শ্রেণীর মায়েদের সচেতন করে তুলতে যৌথভাবে এ মেলার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট ও চ্যানেল আই। সকাল ১১টায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি, সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সচিব তারিকুল ইসলাম (সমাজ কল্যাণ মন্ত্রালয়), নূরুল হক (মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর), অধ্যাপক ড. নুরুননবী, গাজী মোহাম্মদ নূরুল কবীর (মহাপরিচালক, সমাজ সেবা অধিদপ্তর), চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস’র ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির, ইউএনএফপিএ’র আর্জেটিনা মাটিবল, নারী উদ্যোক্তা কণা রেজা প্রমুখ।

এরপর ‘কিশোরীর সুস্বাস্থ্য বার্তা’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনরা। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস’র পৃষ্ঠপোষকতায় বইটি প্রকাশ করেছে ‘স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন’।

মেলায় বিশেষ আকর্ষণ ছিলো সাত বিভাগ থেকে আসা শিল্পীদের দেশ ও মা‘কে নিয়ে বিভিন্ন পরিবেশনা। মেলায় অংশ নেয়- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, ইউএনএফপিএ, পিপিডি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যুারো, ওয়াটার এইড, স্বর্ণ কিশোরী, বিজিএমইএ, বিকেএমইএ, নেসলে, ওয়াশআউট, পানসুপারী ও সিম্ফনি।

মেলায় অংশগ্রহণকৃত সকল প্রতিষ্ঠানকে ‘স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন’ সম্মাননা ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানায়।

উল্লেখ্য, বাংলাদেশের নারীদের মধ্যে প্রজনন স্বাস্থ্য বিষয়ে জ্ঞান প্রয়োজনের তুলনায় খুবই কম। এ কারণে বাংলাদেশের মায়েরা প্রসবকালে এবং প্রসব পরবর্তীতে বিভিন্ন শারীরিক জটিলতার কারণে মৃত্যুবরণ করেন। কিন্তু সামান্য সচেতনতা কিংবা সতর্কতা এ মৃত্যুহার কমাতে পারে।

তাই গত তিন বছর ধরে চ্যানেল আই তার নিজস্ব ভবন চত্বরে নিরাপদ মাতৃত্ব দিবসের এদিনে মায়েদের স্বাস্থ্য সচেতনতা সৃৃষ্টির লক্ষ্যে এই মেলার আয়োজন করে আসছে।

মেলাটি ছিলো শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য। ফারজানা ব্রাউনিয়ার পরিকল্পনা ও উপস্থাপনায় চ্যানেল আই মেলাটি সকাল ১১.০৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করেছে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।