বেলাল-লোপার কণ্ঠে এলো ‘সুবহানাল্লাহ’
দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করা সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বেলাল খান। আবারও কণ্ঠ শিল্পী লোপা হোসেইনের সঙ্গে গান গেয়েছেন তিনি। গানের নাম ‘সুবহানাল্লাহ’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন সিরাজুম মুনির।
সংগীতায়োজন করেছেন জেকে মজলিস। গানটি প্রকাশ হয়েছে ভিডিওতে। এর ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ। এতে মডেল হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু ও শাকিলা পারভীন।
গতকাল সন্ধ্যায় রাজধানী একটি রেস্তোরাঁ আনুষ্ঠানিকভাবে গানটি উন্মুক্ত করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন, গীতিকার আসিফ ইকবাল ও সংগীত পরিচালক জেকে মজলিসসহ আরও অনেক।
গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘বর্তমানে গানের বাজার একটা অস্থির সময় পার করছে। তার ভিড়ে একটা ভালো প্রয়াস বলতে পারি বেলাল খান ও লোপার ‘সুবহানাল্লাহ’ গানটি। আশা করছি এই রকম সুন্দর গানগুলো আমাদের গানের বাজারের আগের চেহারা আবার ফিরিয়ে আনবে।’
‘সুবহানাল্লাহ’ গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘আমি আর লোপা সেই বিশ্ববিদ্যালয় থেকে একসঙ্গে গানের চর্চা করে আসছি। অনেক ভালো গানের স্মৃতি আছে আমাদের। তবে এই গানটা বিশেষ মনে হচ্ছে। আশা করছি দর্শক বারবার এই গান শুনবেন।’
লোপা হোসেইন বলেন, ‘এটি মেলোডিয়াস একটি গান। কিছু গান থাকে যা শোনামাত্রই সুর মনে ধরে যায়, নিজের অজান্তেই গুনগুন করে গাইতে ইচ্ছা করে- এটিও তেমনই। সবাই নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
‘সুবহানাল্লাহ’ গানটি ইউটিউবে লোপা হোসেইনের চ্যানেলে দেখা যাচ্ছে। এটি শুনতে ক্লিক করুন :
এমআই/এলএ/এএসএম