বালিকা বধূ আনন্দীর আত্মহত্যা


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ০২ এপ্রিল ২০১৬

‘বালিকা বধূ’ সিরিয়ালে আনন্দী চরিত্রে অভিনয় করে উপমহাদেশে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রত্যুষা ব্যানার্জি। গেল শুক্রবার, ১ এপ্রিল সকালে তিনি আত্মহত্যা করেছেন।

মুম্বাইয়ের গুরগাঁওয়ে নিজ বাড়িতে সিলিং ফ্যানে ঝুলে গলায় ফাঁস নেন প্রত্যুষা। তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী কোকিলাবেন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র ২৫ বছরেই অবসান হলো তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীর জীবন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্রাঙ্গনে।

এদিকে চলছে প্রত্যুষার আত্মহত্যার রহস্য উদঘাটনের চেষ্টা। আপাতত ধারণা করা হচ্ছে, প্রেমিকের সঙ্গে মনোমালিন্য ও ছাড়াছাড়ির কারণেই এই করুণ সিদ্ধান্তের পথে হেঁটেছেন তিনি।

সাম্প্রতিক সময়টাতে বেশ অস্থিরতায় দিন কাটছিলো প্রত্যুষার। তাদের প্রেম ভেঙে যাওয়ার খবর ফলাও করে প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। পাশাপাশি গেল জানুয়ারিতেই পুলিশের পোশাকধারী কিছু লোকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন প্রত্যুষা।

মুম্বাই পুলিশের মুখপাত্র ধনঞ্জয় কুলকার্নি জানান, হাসপাতাল থেকে মৃত্যুর প্রতিবেদন পেয়েছেন। এখন তার আত্মহত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ।

১৯৯১ সালের ১০ আগস্ট জামশেদপুরে জন্মেছিলেন প্রত্যুষা। অভিনয়কে পেশা হিসেবে নিয়ে মুম্বাইয়ে চলে আসেন তিনি। ‘বালিকা বধূ’ই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়েছে। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত এ সিরিয়ালে অভিনয় করেন তিনি। মাঝে পাশাপাশি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সপ্তম আসরে ও নাচের রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’র পঞ্চম আসরে অংশ নেন।

সম্প্রতি ‘পাওয়ার কাপল’ অনুষ্ঠানে প্রেমিক রাহুল রাজ সিংয়ের সঙ্গে অংশ নেন তিনি।
প্রত্যুষা অভিনীত অন্য সিরিয়ালগুলো হলো ‘হাম হ্যায় না’, ‘গুলমোহর গ্র্যান্ড’, ‘কুমকুম ভাগ্য’ ও এ বছর প্রচারিত ‘মান মে হ্যায় বিশ্বাস টু’।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।