এবার আসছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-৩’
নির্মাতা সাফি উদ্দীন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবিটি মুক্তি পায় ২০১৪ সালে। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান এবং অভিনেত্রী জয়া আহসান।
সেবছর শাকিব-জয়া জুটি অভিনীত প্রথম এ ছবিটি ব্যবসায়িকভাবে দারুণ সাফল্য লাভ করে। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস মুভিজ ছবিটির দ্বিতীয় কিস্তি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২’ নির্মাণ করে।
বিগবাজেটের এই ছবিটি পহেলা বৈশাখ উপলক্ষে সারাদেশ ব্যাপি মুক্তি পাবে আগামী ৮ এপ্রিল। এরমধ্যেই ছবিটির পরিচালক সাফি উদ্দীন ঘোষণা দেন আগামীতে নির্মাণ করা হবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-৩’।
সোমবার সন্ধ্যায় এফডিসিতে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি- ২’ এর অডিও অ্যালবাম মোড়ক উন্মোচনে পরিচালক সাফি এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, ‘আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্রযোজনা প্রতিষ্ঠানের সম্মতি জানিয়েছে এবার নির্মিত হবে `পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-৩’।
তবে প্রথম দুই পর্বে জয়ার বিপরীতে শাকিব খানকে দেখা গেলেও তৃতীয় পর্বে চমক থাকবে বলে জানান তিনি। প্রেম কাহিনির দ্বিতীয় কিস্তি মুক্তির আগেই এর তৃতীয় কিস্তি ঘোষণায় দারুণ উচ্ছ্বাসও প্রকাশ করেন নির্মাতা সাফি।
এদিকে, পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২ ছবির অডিও অ্যালবাম প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার, অভিনেতা হাসান ঈমাম, জয়া আহসান, ইমন, মৌসুমি হামিদসহ সংগীত শিল্পী কুমার বিশ্বজীৎ, সংগীত পরিচালক শওকত আলী ইমন প্রমুখ।
রুম্মান রশীদ খানের চিত্রনাট্যে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ ছবিতে শাকিব, জয়া, ইমন, মৌসুমি, ওমর সানি ছাড়াও বিশেষ দৃশ্যে দেখা যাবে সংগীত শিল্পী আসিফ আকবর এবং সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমনকে।
এনই/বিএ