ইতিশার বৃদ্ধ বাবা রিয়াজ!


প্রকাশিত: ০৪:০৩ পিএম, ৩০ এপ্রিল ২০১৬

লাক্স তারকা ফতেমাতুজ জোহরা ইতিশার বৃদ্ধ বাবা অভিনেতা রিয়াজ। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। মুখে খোঁচা খোঁচা সাদা-কালো দাড়ি। মাথার চুলও পেকে গেছে। চোখের নিচে স্পষ্ট বোঝা যাচ্ছে বয়সের ছাপ।RIAZ

আর ইতিশার মা অভিনেত্রী ছন্দা। তিনি বয়সে পঞ্চাশ পেরিয়েছেন। এমন দেখা যাবে ঈদ উপলক্ষে নির্মিত একটি টেলিফিল্মে। নাম ‘কইন্যা’। এটি রচনা করেছেন মাসুম রেজা এবং পরিচালনা করছেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু।

টেলিফিল্মটি সম্পর্কে ইতিশা জাগো নিউজকে বলেন, ‘গল্পে দেখা যাবে আমার নাম শম্পা। আমি শহরে বড় হয়েছি। ডাক্তারি পেশায় পড়াশুনা করি। আমার মা-বাবা গ্রামে থাকেন। কিন্তু আমি কোনো সময় তাদের দেখিনি। ছোটবেলায় তারা আমার নাম রাখেন বিউটি। একদিন তাদের সঙ্গে আমার দেখা হয়। তখন গল্পের মোড় ঘুরে যায় অন্যদিকে।’

ইতিশা আরো বলেন, ‘গত ২৮ তারিখ টেলিফিল্মটির শুটিং শুরু হয়েছে। বর্তমানে নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। চমৎকার গল্প নির্ভর একটি টেলিফিল্ম এটি। আশা করি দর্শকদের কাছে কাজটি খুব ভালো লাগবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী ঈদে চ্যানেল আই-এর পর্দায় `কইন্যা` টেলিফিল্মটি প্রচারিত হবে।

এনই/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।