সুন্দরী প্রতিযোগিতা কেমন করে এলো!


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২১ মার্চ ২০১৫

প্রথম সুন্দরী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে। প্রাচীন গ্রিসে এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। গ্রিক জনপদ করিন্থের জনগণের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল নতুন শহর ব্যাসিলিসের উদ্বোধন উপলক্ষে করিন্থের শাসক কিপসেলাস এই সুন্দরী প্রতিযোগিতার প্রবর্তন করেন। সে সময় এই প্রতিযোগিতাটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিল।

করিন্থের জনগণের কাছে প্রতিযোগিতাটি জনপ্রিয়তা অর্জন করলেও প্রথম সুন্দরী প্রতিযোগিতার ফলাফল ছিল যথেষ্ট প্রশ্নবিদ্ধ। কারণ সে প্রতিযোগিতায় করিন্থের শাসক কিপসেলাসের স্ত্রীও প্রতিযোগী ছিলেন। বিচারকরা পক্ষপাতমূলক বিচার করে কিপসেলাসের স্ত্রীকেই সেরা সুন্দরী নির্বাচিত করে।

মার্কিন যুক্তরাষ্ট্রে সুন্দরী প্রতিযোগিতা শুরু হয় ১৮৫৪ সালে। কিন্তু রক্ষণশীলতার কারণে সে সময় খুব বেশি সুবিধা করতে পারেনি প্রতিযোগিতাটি। এক সময় বাঁধার মুখে প্রতিযোগিতাটি বন্ধ করে দিতে হয়। এরপর প্রতিযোগিতাটির ধরন একটু পরিবর্তন করে ‘ফটো সুন্দরী প্রতিযোগিতা’ নামে নতুন এক প্রতিযোগিতা শুরু হয়।

এভাবে কিছুদিন চলার পর ১৯২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আধুনিক সুন্দরী প্রতিযোগিতার শুরু হয়। তবে প্রথম দিকে জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হয় প্রতিযোগিতাটি। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত সুন্দরী নারী নির্বাচন করার জন্য প্রতিযোগিতার আরম্ভ হয়। এরপর আয়োজকরা বর্তমান ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মতো করে সংক্ষিপ্ত ভাবে একটি প্রতিযোগিতার আয়োজন করে ১৯৫১ সালে। এবারও রক্ষণশীল সমাজের বাঁধা। এই প্রতিযোগিতায় যিনি বিজয়ী হন, রক্ষণশীল সমাজ তাকে প্রত্যাখান করেন। তাই বলে থেমে থাকে নি সুন্দরী প্রতিযোগিতার পথচলা।

এরপর ১৯৫২ সালে আয়োজন করা হয় ‘মিস ইউনিভার্স’ ও ‘মিস ইউএসএ’ প্রতিযোগিতার। ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত প্রথম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার সেরা সুন্দরীর মুকুট জয় করেন ফিনল্যান্ডের ‘আরসি কুন্সিলা’। ১৯৫৫ সালে এসে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতাটি টেলিভিশনে প্রচার করা শুরু হয়। ১৯৫২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ‘প্যাসিফিক মিলস’ নামে ক্যালিফোর্নিয়ার একটি ক্লথিং কোম্পানি এই প্রতিযোগিতা পরিচালনা করতো।

১৯৯৬ সাল থেকে ‘ডোনাল্ড ট্র্যাম্প’ নামে একটি প্রতিষ্ঠান এই সুন্দরী প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব গ্রহণ করে। ২০০১ সাল পর্যন্ত তারা এই প্রতিযোগিতা পরিচালনা করে। বর্তমানে ‘মিস ইউনিভার্স অর্গানাইজেশন’ এই প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে। প্রথমদিকে এই সুন্দরী প্রতিযোগিতার আয়োজন আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। ১৯৭১ সালের পর বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করা হয় এই প্রতিযোগিতাটি।

এইচএন/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।