স্বাস্থ্যমন্ত্রী

অননুমোদিত ও মানহীন ক্লিনিক বন্ধে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৪ মার্চ ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন/ফাইল ছবি

দেশের স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়নে কোনো ধরনের ‘অননুমোদিত ও মানহীন’ ক্লিনিক চলতে দেওয়া হবে না বলে আবারও জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি এ ব্যাপারে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও স্পষ্ট করেছেন। 

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ঈদের ছুটি শেষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

তিনি বলেন, কোনো ক্লিনিক ন্যূনতম চিকিৎসাসেবার মান বজায় রাখতে ব্যর্থ হলে কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে দেওয়া হবে। রাজধানী থেকে শুরু হওয়া এই তদারকি কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত করা হবে।

ঈদের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত দেড় যুগের মধ্যে এবারের ঈদুল ফিতর সবচেয়ে স্বস্তি ও শান্তিতে উদযাপিত হয়েছে। দ্রব্যমূল্য স্বাভাবিক থাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে। সব মিলিয়ে এবারের ঈদ অত্যন্ত ভালো কেটেছে।

এসইউজে/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।