ক্যানসার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ভালো হয়: মেয়র শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চিকিৎসক শাহাদাত হোসেন বলেছেন, ক্যানসার চিকিৎসায় বর্তমানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অস্ত্রোপচার, ওষুধ ও রেডিয়েশনের সমন্বিত চিকিৎসার ফলে অনেক রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। তাই ক্যানসার মানেই জীবন শেষ- এ ধারণা সঠিক নয়।
শুক্রবার (১ মে) চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে আয়োজিত বৈশাখী মিলনমেলা ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্যানসার জয়ী অদম্য যোদ্ধাদের সাহস ও জীবনসংগ্রাম উদযাপন করতে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। লড়াই শেষে জয়ের সাজ, অদম্য যোদ্ধাদের উদ্যোগ আজ এই প্রতিপাদ্য সামনে রেখে হাসপাতালের গণ্ডি পেরিয়ে জীবনের আনন্দ ছড়িয়ে দিতে আয়োজন করা হয় মেলাটি।
মেয়র বলেন, চিকিৎসার পাশাপাশি রোগীর মানসিক শক্তি, পরিবারের সহযোগিতা এবং সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন ক্যানসার জয়ীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সমাজে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করে।
তিনি আরও বলেন, দেশে অনেক সময় রোগ দেরিতে শনাক্ত হওয়ায় চিকিৎসা কঠিন হয়ে পড়ে। তাই প্রাথমিক পর্যায়ে পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। ক্যানসার থেকে সুস্থ হওয়ার পর রোগীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সহমর্মিতা প্রয়োজন।
খ্যাতনামা অনকোলজিস্ট ডা. ভাস্কর চক্রবর্তীর তত্ত্বাবধানে আয়োজিত এই মেলার অন্যতম বৈশিষ্ট্য ছিল এর উদ্যোক্তারা। মেলার প্রতিটি স্টল পরিচালনা করেন ক্যানসার জয়ী সারভাইভার ও চিকিৎসাধীন যোদ্ধারা। তাদের হাতে তৈরি হস্তশিল্প, বৈশাখী পোশাক ও ঐতিহ্যবাহী পিঠা-পুলির সমাহারে সাজানো হয় পুরো আয়োজন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সারভাইভারদের স্টল, যেখানে হস্তশিল্প, পোশাক ও দেশীয় খাবারের প্রদর্শনী ছিল। পাশাপাশি ক্যানসার জয়ীদের অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা বিনিময়, বিজয়ের বেশে শিরোনামে ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেডিটেশন ও আড্ডার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম. এ. মালেক, পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক, প্রবর্তক সংঘ বাংলাদেশের সভাপতি ইন্দু নন্দন দত্ত, আইনজীবী অ্যাডভোকেট আবু মো. হাসেম, চিকিৎসক ডা. মাহফুজুর রহমান এবং শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত।
এমআরএএইচ/এমআইএইচএস