‘নিউ স্টার্ট’ চুক্তি
মেয়াদ শেষে রাশিয়ার সঙ্গে ‘নতুন’ পারমাণবিক চুক্তির আহ্বান ট্রাম্পের
রাশিয়ার সঙ্গে বিদ্যমান পারমাণবিক ‘নিউ স্টার্ট’ চুক্তি নবায়নের পরিবর্তে একটি ‘নতুন, উন্নত ও আধুনিক’ পারমাণবিক চুক্তি করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি মূলত নিউ স্টার্ট চুক্তি নামে পরিচিত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এ বিষয়ে একটি পোস্ট করেছে ডোনাল্ড ট্রাম্প।
তিনি লিখেছেন, ‘নিউ স্টার্ট’ যুক্তরাষ্ট্রের জন্য একটি খারাপ চুক্তি এবং নানা দিক থেকে মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে। চুক্তির মেয়াদ বাড়ানোর বদলে আমাদের উচিত পারমাণবিক বিশেষজ্ঞদের দিয়ে একটি নতুন, উন্নত ও আধুনিক চুক্তি তৈরির কাজ শুরু করা যা দীর্ঘদিন কার্যকর থাকতে পারে।
নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প এ মন্তব্য করেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র সীমিত করার সর্বশেষ আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তিটির অবসান ঘটেছে।
এদিকে রাশিয়া থেকে বুধবার (৪ ফেব্রুয়ারি) জানানো হয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলো আর এর শর্ত মানতে বাধ্য নয়।
রাশিয়ার সঙ্গে চুক্তির কোনো অস্থায়ী মেয়াদ বাড়ানো হচ্ছে কি না-এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, আমার জানা মতে, এমন কোনো উদ্যোগ নেই।
এর আগে মস্কো জানিয়েছিল, তারা চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী ছিল। রাশিয়ার দাবি, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছরের ২২ সেপ্টেম্বর প্রস্তাব দিয়েছিলেন-চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর অন্তত এক বছরের জন্য কৌশলগত পারমাণবিক অস্ত্রের বিদ্যমান সীমা বহাল রাখা হোক।
তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।
উল্লেখ্য, নিউ স্টার্ট চুক্তিটি ২০১০ সালের ৮ এপ্রিল চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে স্বাক্ষরিত হয় এবং ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি কার্যকর হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্যমতে, এটি ১৯৯১ সালের স্টার্ট-১ চুক্তির স্থলাভিষিক্ত হয়েছিল।
সূত্র : আনাদোলু এজেন্সি
কেএম