মার্কিন প্ররোচনায় চীনের হুমকি উড়িয়ে দিলেন পানামার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
পানামা বন্দর/ ছবি: এএফপি

পানামা খালের দুটি বন্দরের পরিচালনা করা হংকংভিত্তিক চীনা কোম্পানিকে সরিয়ে দেওয়ায় চীনের হুমকির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। বুধবার (৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট মুলিনো চীনের ‘চড়া মূল্য দেওয়ার’ হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্ররোচনায় পানামা খালের বন্দর পরিচালনা নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ায় পানামাকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুমকি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই পোস্টে পানামার প্রেসিডেন্ট মুলিনো বলেছেন, তিনি চীনা সরকারের হুমকি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছেন। এর আগে পানামার সুপ্রিম কোর্ট রায় দিয়ে পানামা খালের দুটি বন্দরের পরিচালনার অনুমতি দেওয়া চুক্তিকে অবৈধ ঘোষণা করে। এই চুক্তির মাধ্যমে হংকংভিত্তিক প্রতিষ্ঠান সি কে হাচিসন বন্দরের দায়িত্বে ছিল।

মুলিনো তার পোস্টে আরও বলেছেন, পানামা একটি আইন শাসিত রাষ্ট্র যেখানে বিচার বিভাগ স্বাধীন এবং কেন্দ্রীয় সরকারের প্রভাবমুক্ত। সরকার আদালতের সিদ্ধান্তকে সম্মান করে এবং সেই নীতিতেই পরিচালিত হয়।

তিনি আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে পানামার পররাষ্ট্র মন্ত্রণালয় শীঘ্রই একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

পানামা খালে সি কে হাচিসনের বন্দর পরিচালনার অনুমতি বাতিল হওয়াকে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাব ও বাণিজ্যিক আধিপত্যের লড়াইয়ের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে সি কে হাচিসন জানিয়েছে, তারা পানামার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পথে যাচ্ছে। একই দিনে চীনা সরকারের হংকং ও ম্যাকাও বিষয়ক দপ্তর পানামার রায়কে অযৌক্তিক, লজ্জাজনক ও করুণ বলে আখ্যা দিয়েছে।

এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ওই দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, পানামার আদালত তথ্য উপেক্ষা করেছে, বিশ্বাস ভঙ্গ করেছে এবং হংকং, চীনের প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পানামা খাল দখলের হুমকি দেওয়ার পর বৈশ্বিক রাজনীতিতে পানামা ইস্যু নিয়ে উত্তেজনা চরমে পৌঁছে।

সূত্র: আল-জাজিরা

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।