ভারতে আম-আদমি দলের নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৬ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
লাকি ওবেরয়কে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা/ছবি: এনডিটিভি

ভারতের পাঞ্জাব রাজ্যের আম আদমি পার্টির (এএপি) নেতা লাকি ওবেরয়কে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জলন্ধরের মডেল টাউন এলাকায় একটি গুরুদুয়ারার বাইরে ওবেরয়কে লক্ষ্য করে হত্যা করা হয়। হামলাকারীদের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে হামলাকারীরা একটি মটরসাইকেলে করে এসে ওবেরয়কে গুলি করে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, গুরুদ্বারের বাইরে গাড়ি পার্ক করছিলেন লাকি ওবেরয়। এ সময় একটি মটরসাইকেলে করে আসা হামলাকারীরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। অন্তত পাঁচটি গুলি তার শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, লাকি ওবেরয়ের স্ত্রী এর আগে আম আদমি পার্টির প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে অংশ নিলেও তিনি জয়ী হতে পারেননি।

এ ঘটনায় পাঞ্জাব বিধানসভার বিরোধীদলীয় নেতা প্রতাপ সিং বাজওয়া রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নেতৃত্বে পাঞ্জাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে।

সূত্র: এনডিটিভি

কে এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।